বৈশাখে যৌন নিপীড়নের পুনঃতদন্তে এখনও সফল হয়নি পিবিআই
গত বছরে বাংলা বর্ষবরণের উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় যৌন নিপীড়নের ঘটনা তদন্তের দায়িত্ব নিয়ে এখনও সফল হতে পারেনি পুলিশের নতুন বিভাগ পিবিআই।
এই ঘটনায় পুলিশের দায়ের করা মামলাটি পুনঃতদন্ত প্রতিবেদন রোববার ঢাকার হাকিম আদালতে দাখিলের দিন ধার্য ছিল।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তা দিতে ব্যর্থ হওয়ায় মহানগর হাকিম সাজ্জাদুর রহমান আগামী ১০ মে তা দাখিলের জন্য নতুন দিন ঠিক করেছেন।
দেশজুড়ে আলোচিত এই ঘটনার তদন্তের দায়িত্ব পাওয়ার পর পিবিএ এনিয়ে দ্বিতীয় দফা সময় নিল বলে পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) মিরাশ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
২০১৫ সালের ১৪ এপ্রিল নারী নির্যাতনের এই ঘটনাটি প্রথমে এড়িয়ে যেতে চাইলেও নারী ও ছাত্র সংগঠনগুলোর আন্দোলনের মুখে পুলিশ একটি মামলা করে।
এরপর ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে আট লাঞ্ছনাকারীর ছবি প্রকাশ করে তাদের ধরিয়ে দিতে লাখ টাকা পুরস্কারও ঘোষণা করে পুলিশ।
তারপর চিহ্নিত অপরাধীদের খোঁজ পাওয়া যায়নি উল্লেখ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেন ডিবির পরিদর্শক দীপক কুমার দাস। তার মধ্য দিয়ে শাহবাগ থানার এসআই আবুল কালাম আজাদের করা মামলাটির ইতিই ঘটেছিল।
কিন্তু এরপর গত ডিসেম্বরে চিহ্নিত একজনকে পুলিশ গ্রেপ্তার করার পর মামলাটি পুনরুজ্জীবিত হয়।
এরপর ২০১৬ সালের ২৩ ফেব্রুয়ারি ডিবির দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ না করে ঢাকার ৩ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জয়শ্রী সমাদ্দার মামলাটি পুনঃতদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন।
