বর্ষবরণে যৌন নিপীড়ন: প্রতিবেদন দাখিলে আরও সময় পেল পিবিআই
পহেলা বৈশাখে বর্ষবরণের উৎসবে নারীদের যৌন নিপীড়নের মামলায় পুলিশের তদন্ত ব্যুরোকে প্রতিবেদন দেওয়ার জন্য আরও সময় দিয়েছে আদালত।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) ১৭ এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলেছেন ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ নুরু মিয়া।
আদালত পুলিশের প্রসিকিউশন বিভাগের সহকারী কমিশনার মিরাশ উদ্দিন জানান, বুধবার এ প্রতিবেদন দাখিলের দিন থাকলেও পিবিআই তা না দিয়ে আরও সময় চায়। শুনানি শেষে বিচারক তা মঞ্জুর করে নতুন দিন ঠিক করে দেন।
গতবছর ১৪ এপ্রিল সন্ধ্যায় বাংলা নববর্ষের উৎসবের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের ফটকে ভিড়ের মধ্যে একদল যুবক নারীদের ওপর চড়াও হয়।
প্রথমে পুলিশ ঘটনাটি এড়াতে চাইলেও বিভিন্ন ছাত্র ও নাগরিক সংগঠনের দাবির মুখে এবং উচ্চ আদালতের নির্দেশে মামলা এবং তদন্তের উদ্যোগ নেয়।
শাহবাগ থানার এসআই আবুল কালাম আজাদ বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে এই মামলা করেন।
এরপর ১৭ মে ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিও থেকে আট নিপীড়কের ছবি পাওয়ার কথা জানান পুলিশ প্রধান এ কে এম শহীদুল হক। তাদের ধরিয়ে দিতে এক লাখ টাকা পুরস্কারও ঘোষণা করেন তিনি।
তবে ঘটনার আট মাস পর গত ১৩ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের এসআই দীপক কুমার দাস ঢাকার আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়ে বলেন, পুলিশ অপরাধী কাউকে শনাক্ত করতে পারেনি।
চলতি বছর জানুয়ারিতে কামালকে গ্রেপ্তারের পর মামলা চালু না থাকায় তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড শেষে জবানবন্দি দেওয়ার জন্য কামালকে আদালতে নেওয়া হলেও তিনি স্বীকারোক্তি দেননি বলে আদালত পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
চলতি বছর ২৭ জানুয়ারি ঢাকার চকবাজার থেকে মো. কামাল নামের এক সবজি ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ জানায়, তার ছবিও ওই আটজনের মধ্যে ছিল। ঘটনার সময় তার দাঁড়ি থাকলেও গ্রেপ্তার এড়াতে তিনি তা কেটে ফেলেন।
গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামাল ওই ঘটনায় সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলেও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়।
মামলা সক্রিয় না থাকায় কামালকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেয় পুলিশ। সেই সঙ্গে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা পুরনো মামলাটি পুনরুজ্জীবিত করতে গত ২১ জানুয়ারি আবেদন করেন তদন্ত কর্মকর্তা দীপক।
মামলাটি পুনরুজ্জীবিত করার পর রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মাহমুদা খাতুনের আবেদনে গত ২৩ ফেব্রুয়ারি ঢাকার ৩ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জয়শ্রী সমাদ্দার মামলাটি পুলিশের তদন্ত ব্যুরোকে দিয়ে পুনঃতদন্তের নির্দেশ দেন।
