বিক্রমপুরের লাড্ডু খেয়ে ‘অস্বস্তি’, থানায় অভিযোগ
দোকান থেকে কেনা লাড্ডু পরিচিতজনদের খাওয়ানোর পর তাদের ‘অস্বস্তি’ হওয়ার কথা জেনে থানায় অভিযোগ করেছেন রাজধানীর মোহাম্মদপুরের এক নারী।
শনিবার লাড্ডুর প্যাকেট নিয়ে মোহাম্মদপুর থানায় গিয়ে সাধারণ ডায়েরি করেন শায়লা খান নামের ওই নারী।
অভিযোগ পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ওসি জামাল উদ্দিন মীর।
শায়লা খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে রিং রোডের (৯/কে পিসিকালচার রোড) ‘বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার’ থেকে দুই কেজি লাড্ডু কিনে কয়েকজন পরিচিতিকে খাওয়ান তিনি।
“পরে কয়েকজন অস্বস্তি হওয়ার কথা জানালে ওই দোকানে গেলে দোকানদার লাড্ডুগুলো ভালো বলে দাবি করেন। কিন্তু ওই সময় দোকানে আরেকজন ক্রেতা প্যাকেট থেকে লাড্ডু খেয়ে সেগুলো ভালো না এবং বিক্রমপুরের নয় বলে জানান।
এই সেই লাড্ডু।
এরপরই প্যাকেট নিয়ে থানায় যান শায়লা।
তিনি বলেন, “সাধারণ মানুষ নানাভাবে প্রতারিত হচ্ছে। নষ্ট, দীর্ঘদিন ধরে ফ্রিজে রাখা মিষ্টি তারা বিক্রি করে আসছে এবং গ্রাহকরা প্রতারিত হচ্ছে। অনেকেই প্রতিবাদ করার সাহস পান না।”
বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডারের ওই দোকানে যোগাযোগ করা হলে শিমুল বিশ্বাস নামের একজন বিক্রেতা বলেন, “লাড্ডুগুলো ভালো ছিল। এরপরও বদলে নিতে বলেছি। তিনি না বদলে চলে যান।”
শিমুল বিশ্বাসের দাবি, তারা কখনও খারাপ মিষ্টি বিক্রি করেন না।
