২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে আইএস নেই, ঘাঁটি হতেও দেব না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে জঙ্গিগোষ্ঠী আইএসের কথিত প্রধানের সাক্ষাৎকারকে ‘ষড়যন্ত্র’ আখ্যায়িত করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, তেমন কোনো সংগঠন বাংলাদেশে নেই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2016, 03:32 PM

Updated : 11 Oct 2022, 08:05 PM

পুরনো খবর:

বাংলাদেশে ‘ঘাঁটি গেঁড়ে ভারতে হামলা চালাতে চায়’ আইএস
জামায়াতিরা আমাদের দলে ভিড়ছে: আইএস
আইন-শৃঙ্খলা বাহিনীকে নিয়ন্ত্রণে বাংলাদেশ সরকার ব্যর্থ: যুক্তরাষ্ট্র

বাংলাদেশে ঘাঁটি বানিয়ে প্রতিবেশী কোনো দেশে আক্রমণের সুযোগও কাউকে দেওয়া হবে না বলে প্রত্যয় জানিয়েছেন তিনি। 

শুক্রবার নিজের বাসায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “পূর্বের ন্যায় এখনও স্পষ্ট করে বলতে চাই, আইএসের কোনো ঘাঁটি বাংলাদেশে নাই। কোনো সংগঠন বাংলাদেশ নাই।”

আইএসের সাময়িকী ‘দাবিক’-এ এই জঙ্গিগোষ্ঠীর বাংলাদেশ শাখার কথিত প্রধান শেখ আবু ইব্রাহিম আল-হানিফের ওই সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে, যাতে বলা হয়েছে,ভূ-অবস্থানগত কারণে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকেই ঘাঁটি বানানোর জন্য তাদের পছন্দ; ওই ঘাঁটি থেকেই তারা ভারতে হামলা চালাতে চায়।

যুদ্ধাপরাধের বিচার ও শীর্ষনেতাদের ফাঁসিতে চাপের মুখে থাকা জামায়াতে ইসলামীর তৃণমূল পর্যায়ের কর্মীরা এখন আইএসে যোগ দিচ্ছেন বলেও শেখ আবু ইব্রাহিম আল-হানিফের দাবি।

ওই সাক্ষাৎকারের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এটি একটি ষড়যন্ত্র, দেশী এবং আন্তর্জাতিক সেই ষড়যন্ত্রের একটি বহিঃপ্রকাশ।”

তিনি বলেন, “বিদেশি শক্তির কিংবা কোনো বিদেশি মতাদর্শী লোকদের এখানে ঘাঁটি গেড়ে প্রতিবেশী দেশে আক্রমণ করতে দেওয়া হবে না।”

Image
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল (ফাইল ছবি)

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল (ফাইল ছবি)

যুদ্ধাপরাধের বিচার এবং শীর্ষনেতাদের ফাঁসিতে চাপের মুখে থাকা জামায়াতে ইসলামীর তৃণমূল পর্যায়ের কিছু কর্মীও আইএসে যোগ দিয়েছেন বলে শেখ আবু ইব্রাহিম আল-হানিফের ওই সাক্ষাৎকারে দাবি করা হয়।

গত দেড় বছরে বাংলাদেশে ব্লগার ও বিদেশি হত্যা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার বিভিন্ন ঘটনায় আইএস দায় স্বীকার করেছে বলে খবর এলেও সরকার ও পুলিশের পক্ষ থেকে বরাবরই এ দেশে ওই সংগঠানের কোনো তৎপরতার কথা অস্বীকার করা হয়েছে।    

এসব ঘটনায় অধিকাংশ ক্ষেত্রে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সংশ্লিষ্টতার কথা বলেছেন।

যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী কামাল দাবি করেন, বাংলাদেশ কোনো ধরনের ‘ক্রসফায়ার বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ’ নেই।

২০১৫ সালে বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার প্রকাশিত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বার্ষিক প্রতিবেদনে বাংলাদেশে ‘বিচারবহির্ভূত হত্যা  ও গুমের’ ঘটনাকে ‘সবচেয়ে বড় মানবাধিকার সমস্যা’ হিসেবে চিহ্নিত করা হয়।

সরকার বিভিন্ন সময়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে ‘ব্যর্থ’ হয়েছে বলেও মন্তব্য  করা হয় ওই প্রতিবেদনে।