২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরান ঢাকায় ‘ছিনতাইকারীর ছুরিতে’ নিহত ১

পুরান ঢাকায় এক কাপড়ের দোকানের কর্মচারী ছিনতাইকারীর ছুরিতে খুন হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2016, 10:12 AM

Updated : 20 Aug 2022, 12:27 PM

নিহত সাহেদ হোসেন (৪৫) উত্তরায় একটি কাপড়ের দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন। তার বাসা নবাবপুরের গুপিমোহন বশাক লেনে।

বংশাল থানার পরিদর্শক (অপারেশন) মো. আলীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার সকাল ৭টার দিকে সাহেদ রিকশায় গুলিস্তানের দিকে যাচ্ছিলেন।

“ক্যাফে গুলিস্তানের দক্ষিণ পাশের রাস্তায় দুই ছিনতাইকারী তার রিকশা আটকায়। তারা সাহেদের পেটে ছুটি মেরে পালিয়ে যায়।”

খবর পেয়ে বংশাল থানার এসআই মঞ্জুরুল দ্রুত সাহেদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিদর্শক আলীম বলেন, “সাহেদর কাছে একটি ব্যাগ পাওয়া গেছে। তবে মানিম্যাগ ছিল না। মানিব্যাগে কত টাকা ছিল তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।”

ময়নাতদন্তের জন্য সাহেদের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজ্জামেল হক জানান।