২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত গণহত্যার এজেন্ট, পাকিস্তানের দালাল: রেহমান সোবহান

একাত্তরে পাকিস্তানি সেনাদের নির্দেশে বুদ্ধিজীবী হত্যায় জামায়াতে ইসলামী কাজ করেছে বলে ধর্মভিত্তিক রাজনৈতিক দলটিকে আক্রমণ করেছেন অর্থনীতিবিদ রেহমান সোবহান।

সুবীর ভৌমিক

কলকাতা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2016, 12:55 AM

Updated : 11 Oct 2022, 08:05 PM

ভারত থেকে প্রকাশিত ‘আনট্রানকুইল রিকালেকশনস: দ্য ইয়ারস অব ফুলফিলমেন্ট’ নামে তার সাম্প্রতিক এক বইয়ে যুদ্ধকালীন সময়ের স্মৃতিচারণ করেন তিনি।

বইটির ৪৩২-৪৩৩ পৃষ্ঠায় অধ্যাপক সোবহান বলেন, “যুদ্ধের শেষ দিনগুলোতে বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ড তাদের দালালির চূড়ান্ত রূপ। পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে তাদের ষড়যন্ত্রমূলক প্রকাশ্য যোগাযোগের কারণে বিষয়টি আমাদের কাছে খুব একটা আশ্চর্যের ছিল না।

“জামায়াতি জঙ্গিদের সামরিক প্রশিক্ষণ এবং অস্ত্র দিয়ে পাকিস্তানি সেনাবাহিনী তাদের কাজে লাগায় কিলিং স্কোয়াড হিসেবে। ঐতিহাসিকভাবে তাদেরকে হত্যাযজ্ঞে নামানো হয়েছিল আল বদর ও আল শামস নামে। এই স্কোয়াডগুলো পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগী হিসেবে কার্যক্রম চালিয়েছে।”

বাংলাদেশের স্বাধীনতা যখন সময়ের ব্যাপার মাত্র তখন এক পাকিস্তানি জেনারেল অগ্রগণ্য বাঙালি বুদ্ধিজীবীদের সরিয়ে দিতে একটা তালিকা তৈরি করে ওই কিলিং স্কোয়াড ব্যবহার করে এমনটা জানা গিয়েছিল বলে বইতে লিখেছেন রেহমান সোবহান।

তবে বইটিতে তিনি সেই পাকিস্তানি জেনারেলের নাম বলেননি।

ইতোমধ্যে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের কয়েকটি রায়ে বুদ্ধিজীবী হত্যায় জামায়াতে ইসলামীর সংশ্লিষ্টতার প্রসঙ্গ উঠে এসেছে।

তবে যুদ্ধাপরাধের বিচার শুরুর পর এর বিপক্ষে কয়েকটি দেশ থেকে নানা ধরনের সমালোচনা শুনতে হয়েছে সরকারকে।

মুক্তিযুদ্ধের পর বাঙালিদের দীর্ঘ দিনের বিচারবঞ্চিত থাকার অনুভূতির কারণে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল ব্যাপক জনসমর্থন পেয়েছে বলে মনে করেন রেহমান সোবহান।

“বুদ্ধিজীবী হত্যাকাণ্ড বাঙালিদের মধ্যে এমন একটা সার্বজনীন ধারণা দৃঢ় করেছে যে, এই বাঙালি ঘাতকদের দালালি কর্মকাণ্ড ছাড়াও গণহত্যার এজেন্ট হিসেবে কাজ করার জন্য বিচারের আওতায় এনে শাস্তি দেওয়া প্রয়োজন।”

বইটিতে যুদ্ধকালীন বাংলাদেশের প্রবাসী সরকারকে চীন কিভাবে সুস্পষ্ট বিভিন্ন ইঙ্গিত দিয়েছে সেসব বিষয়ে অনেক অজানা বা ভাল ভাবে জানা নেই এমন ঘটনার বিস্তারিত তথ্য দিয়েছেন লেখক।

“পাকিস্তানে সামরিক সহায়তা দিয়ে গেলেও বাংলাদেশ সৃষ্টিতে চীন সরাসরি কোনো সামরিক হস্তক্ষেপ করবে না বলে বেইজিংয়ের পাকিস্তান দূতাবাসে কর্মরত অনেক বাঙালি কূটনীতিকদের মাধ্যমে গোপনে মুজিবনগর সরকারকে জানিয়েছিল। এসব বার্তা বিভিন্ন পথ ঘুরে পাঠানো হত।”

‘পরবর্তীকালে দক্ষিণ এশিয়ায় অনেক ঘটনায়’ প্রভাব দেখালেও চীনের এ ঘটনায় অবাক হয়েছেন সোবহান। এটাই হয়ত ভারতকে বাংলাদেশের পক্ষে যুদ্ধে সামরিক হস্তক্ষেপে সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত দিয়েছে বলে মনে করেন এই অর্থনীতিবিদ। কারণ হিসেবে তিনি বলেন, চীনের সামরিক হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত নিশ্চিতভাবেই মুজিবনগর সরকার ভারতকে অবহিত করে।

যুদ্ধের পর অনেক বন্ধু ও সাংবাদিকদের কাছে তৎকালীন ভারতীয় সেনাপ্রধান স্যাম মানেকশ বলেছেন যে, নভেম্বরের শুরুতে হিমালয় এলাকার পথ তুষার পড়ে বন্ধ হয়ে যাওয়ার কারণে চীনা সেনাবাহিনী কার্যকরভাবে (সামরিক) হস্তক্ষেপ করতে পারবে না বলে ধারণাই তাকে শীতের সময়ে পশ্চিম পাকিস্তানে আক্রমণের সিদ্ধান্তে অনুপ্রেরণা দিয়েছে।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলে আক্রমণ শুরু করে একাত্তরের যুদ্ধে সামরিক হস্তক্ষেপে চীন নিরুৎসাহিত হওয়ার এটি একটি কারণ হতে পারে। তবে বাংলাদেশ যে শিগগির একটি বাস্তবতায় পরিণত হতে যাচ্ছিল যুদ্ধের মাঝামাঝি সময়ে বেইজিংয়ের এই উপলব্ধিও সামরিক হস্তক্ষেপ না করার একটি কারণ বলে ইদানিংকালে লিখিত অনেক বইয়ে অনুমান করতে দেখা যায়।

রেহমান সোবহান তার বইতে বলেন, “বাংলাদেশি নেতৃত্বের সঙ্গে একটি বোঝাপড়া করে নেওয়ার জন্য বেইজিং পাকিস্তানকে বোঝানোর চেষ্টা করেছিল। কিন্তু সেটা কাজে আসেনি।”