বাংলা নববর্ষে কেরির শুভেচ্ছা
বাংলাদেশ ও ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাঙালিদের বাংলা নববর্ষ ১৪২৩ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
প্রেসিডেন্ট বারাক ওবামা ও জনগণের পক্ষে দেওয়া এক বার্তায় কেরি বলেন, “এ বছরটা শুরু হোক আশা ও আশাবাদের অনুভূতি নিয়ে। শুভ নববর্ষ।”
নববর্ষের এই আনন্দঘন মুহূর্তকে একইসঙ্গে ‘নতুনের আবাহন’ ও ‘পুনর্জাগরণের’ সময় বলে অভিহিত করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, “পরিবার ও বন্ধুদের নিয়ে ঐতিহ্য ও সংস্কৃতি উদযাপনের, অতীতের প্রতিচ্ছায়ায় সামনের দিকে এগিয়ে যাওয়ার এটাই মোক্ষম সময়।”
শুভেচ্ছা বার্তায় যুক্তরাষ্ট্রের উন্নয়নে প্রবাসী বাঙালিদের অবদানকে স্মরণ করেন কেরি।
“সহস্রাধিক বাঙালি-আমেরিকান নাগরিক, যারা নানাভাবে তাদের ভূমিকা রেখে গেছেন তাদের অবদান স্মরণ করার জন্য মার্কিনীদের জন্য সুযোগ এনে দিয়েছে এই দিন।
“তারা অবদান রেখেছেন বিজ্ঞান, ব্যবসা, জনকল্যাণ, আইন ও চিকিৎসা সেবাসহ নানা খাতে।”
