রমনার বোমা হামলা: বিস্ফোরক মামলায় সাক্ষী মিলছে না
পনের বছর আগে রমনা বটমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলায় দায়ের বিস্ফোরক মামলায় ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের পর দুই বছরে সাক্ষ্যগ্রহণের ২৫টি তারিখেও তেমন কোনো অগ্রগতি হয়নি।
সব মিলে মামলায় রাষ্ট্রপক্ষে ৮৪ সাক্ষীর মধ্যে মাত্র নয়জনের সাক্ষ্য নেয়া সম্ভব হয়েছে। দফায় দফায় অজামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলেও সাক্ষী আসছেন না মামলা প্রমাণ করার জন্য।
ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু আবদুল্লাহ ভূইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একই ঘটনার হত্যা মামলায় সাক্ষ্য দেওয়ার পর সাক্ষীরা আর আদালতে আসতে চাচ্ছেন না। ব্যক্তিগতভাবে তাদের টেলিফোনে আদালতে আসতে বললেও তারা ‘দারুণ রকম অনীহা’ প্রকাশ করছেন।
“এর প্রতিক্রিয়ায় ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন আর দুয়েকজন গুরুত্বপূর্ণ সাক্ষীর সাক্ষ্য নিয়ে মামলার বিচার শেষ করতে চেয়েছেন। কিন্তু রাষ্ট্রপক্ষের কৌঁসুলী এতে নারাজ,” বলেন নাম প্রকাশে অনিচ্ছুক আদালতের একজন কর্মচারী।
২০০১ সালে পহেলা বৈশাখ রাজধানীর রমনার বটমূলে বর্ষবরণের অনুষ্ঠানে বোমা মেরে হত্যা করা হয় ১০ জনকে। এ ঘটনায় দায়ের মামলায় হরকাতুল জিহাদের (হুজি) শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নানসহ ১৪ জঙ্গিকে আসামি করা হয়।
হত্যা মামলায় ২০১৪ সালের ২৩ জুন ঢাকার দায়রা জজ রুহুল আমিন রায় দেন, তাতে মুফতি হান্নানসহ আটজনের মৃত্যুদণ্ড এবং ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়।
রমনা বোমা হামলা: বিচার শেষ হচ্ছে না ১১ বছরেও
বাঙালির বর্ষবরণের অন্যতম অনুষঙ্গ ছায়ানটের অনুষ্ঠানে ওই ঘটনায় একই এজাহার, একই আসামি, একই সাক্ষী; শুধু দুটি আলদা অভিযোগপত্রে চলছে বিস্ফোরক আইনের মামলার বিচার, যেখানে সাক্ষ্যগ্রহণের জন্য পড়ছে তারিখের পর তারিখ।
মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন আগামী ২৪ এপ্রিল।
বিস্ফোরক মামলার নথিপত্র থেকে জানা যায়, ২০০৯ সালে এই মামলায় প্রথম অভিযোগ গঠন করার পর সাতজনের সাক্ষ্যগ্রহণ করা হয়। ২০১৪ সালের ২ ফেব্রুয়ারি একটি ধারা সংশোধন করে নতুন করে অভিযোগ গঠন করা হয়। এরপর গত দুই বছরে মাত্র দুজন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। এ মামলায় ৮০ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত নয়জন সাক্ষ্য দিয়েছেন।
২০০৮ সালের ২৯ নভেম্বর মুফতি হান্নানসহ ১৪ জনকে আসামি করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ওই ঘটনায় দুটি অভিযোগপত্র দেয়; একটি হত্যা ও অপরটি বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে।
রমনা বটমূলে এবার ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানেও ছিল প্রতিবাদের আমেজ।
তাদের মধ্যে আবদুল হাই, মাওলানা আবু বকর, মাওলানা তাজউদ্দিন ও হাফেজ জাহাঙ্গীর পলাতক।
কারাবন্দি অপর ছয় আসামিরই হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ড হয়েছে। তারা হলেন- হাফেজ আবু তাহের, মাওলানা সাব্বির ওরফে আবদুল হান্নান, হাফেজ ইয়াহিয়া, মাওলানা শওকত ওসমান ওরফে শেখ ফরিদ, মাওলানা আবদুর রউফ ও শাহাদাত উল্লাহ জুয়েল।
