২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাটকল শ্রমিকদের অবরোধ প্রত্যাহার

তিন দিন রাজপথ-রেলপথ অবরোধের পর সরকারের সঙ্গে বৈঠক করে কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত জানিয়েছে খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর শ্রমিকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2016, 04:53 PM

Updated : 11 Oct 2022, 08:05 PM

পুরনো খবর:

খুলনায় পাটকল শ্রমিকদের সড়ক অবরোধ
পাট শ্রমিকদের জন্য হাজার কোটি টাকা
সচিবালয়ে পাটকল শ্রমিক নেতাদের হাতাহাতি

বুধবার সচিবালয়ে বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজ উদ্দিন প্রমাণিক এবং প্রতিমন্ত্রী মির্জা আজমের সঙ্গে বৈঠক শেষে কর্মসূচি প্রত্যাহারের খবর সাংবাদিকদের জানানো হয়।

পাটকল শ্রমিক ইউনিয়নের আন্দোলনরত নেতাদের পাশে রেখেই মির্জা আজম বলেন, “আজ এই মুহূর্ত থেকে তারা কর্মসূচি প্রত্যাহার করে নিচ্ছেন। পরবর্তী কর্মদিবস থেকে তারা কাজে যোগ দেবেন।”

রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের সব বকেয়া আগামী ২৫ এপ্রিলের মধ্যে একসঙ্গে পরিশোধ করা হবে বলে পাট প্রতিমন্ত্রী জানান।

আন্দোলনে থাকা রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিক সিবিএ নন-সিবিএ ঐক্য পরিষদের আহ্বায়ক সোহরাব হোসেন বলেন, “আমরা স্যাটিসফাইড, আমাদের কর্সসূচি এই মুহূর্ত থেকে প্রত্যাহার করছি।”

ঢাকায় এই বৈঠক চলার মধ্যেও খুলনায় তৃতীয় দিনের মতো সড়কে ছিলেন আন্দোলনরত শ্রমিকরা।

“খুলনা গিয়ে আমরা তাদের সব বলব,” বলেন আন্দোলনকারীদের নেতা সোহরাব, যিনি মঙ্গলবার সচিবালয়ে আরেকটি বৈঠক বর্জন করে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন।  

বকেয়া মজুরি পরিশোধসহ পাঁচ দফা দাবিতে খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর শ্রমিকরা গত ৫ এপ্রিল থেকে আন্দোলন করছিলেন।

পাটকল শ্রমিক সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদের ডাকে গত সোমবার অনির্দিষ্টকালের সকাল-সন্ধ্যা কর্মসূচি শুরুর পর ওই দিনই মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ পাটকল করপোরেশনকে (বিজেএমসি) এক হাজার কোটি টাকা বরাদ্দের নির্দেশ দেন।

ওই অর্থ দিয়ে সারাদেশের সব রাষ্ট্রায়ত্ত পাটকলের কর্মীদের বকেয়া পাওনা পরিশোধ করা হবে বলে সেদিন সাংবাদিকদের জানান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম।

তবে সরকারের ঘোষণার পরও অবরোধ প্রত্যাহার না করে পাটকল শ্রমিকদের পক্ষ থেকে বলা হয়, কত টাকা কীভাবে পরিশোধ করা হবে তা না জেনে তারা আন্দোলন থেকে সরছেন না।   

এই পরিস্থিতিতে চলমান আন্দোলনের বাইরে থাকা ১৮টি পাটকলের শ্রমিক নেতাদের সঙ্গে মঙ্গলবার বিকালে সচিবালয়ে দুই ঘণ্টা বৈঠক করেন পাটমন্ত্রী ও প্রতিমন্ত্রী। বৈঠকে থাকা নেতাদের বেশিরভাগই ছিলেন সরকারদলীয় শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত।

আন্দোলনে থাকা খুলনা অঞ্চলের পাটকলের শ্রমিক নেতাদের এই বৈঠকে আমন্ত্রণ জানানো হলেও তারা ‘নন-সিবিএ’ নেতাদের সঙ্গে বৈঠকে অংশ নিতে আপত্তি জানিয়ে সম্মেলন কক্ষের বাইরে অবস্থান নেন। পরে প্রায় আধা ঘণ্টা মন্ত্রণালয়ের করিডোরে দুই পক্ষের নেতাদের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তি চলে।

আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া সিবিএ নেতারা মঙ্গলবার প্রতিমন্ত্রী মির্জা আজমের কাছে আলোচনা করতে সময় চাইলে তাদের বুধবার বৈঠকে ডাকা হয়। 

Image
(ফাইল ছবি)

(ফাইল ছবি)

তবে ‘নন সিবিএ’ নেতাদের সঙ্গে বৈঠকের পর প্রতিমন্ত্রী মির্জা আজম  শ্রমিকদের ‘সব দাবি’ মানার কথা জানিয়ে বুধবারের মধ্যে অবরোধ কর্মসূচি তুলে নেওয়া না হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন।

তা উপেক্ষা করে বুধবারও সকালেও খুলনা অঞ্চলের পাটকল শ্রমিকরা কাজ বন্ধ রেখে অবরোধ শুরু করেন। এর মধ্যে শ্রমিক নেতা সোহরাব বলেন, দুপুরে পাট মন্ত্রণালয়ে বৈঠকের পর তারা সিদ্ধান্ত জানাবেন।

এই বৈঠকের পর মির্জা আজম বলেন, “আজ বৈঠকে তারা প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, প্রধানমন্ত্রীর প্রতি তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।”

আগামী সপ্তাহের মধ্যে অর্থ মন্ত্রণালয় থেকে অর্থ ছাড় হয়ে যাবে জানিয়ে তিনি বলেন, আগামী ২৫ এপ্রিলের মধ্যে বকেয়া সব মজুরি একসঙ্গে পরিশোধ করা হবে।

“বকেয়া প্রভিডেন্ট ফান্ড ও গ্রাচ্যুইটির টাকা অর্থ মন্ত্রণালয় থেকে টাকা পাওয়া সাপেক্ষে অফিসিয়াল প্রসিডিউর মেইন্টেইন করে খুব দ্রুততার সঙ্গে পর্যায়ক্রমে পরিশোধ করা হবে।”

প্রতিমন্ত্রী জানান, মঙ্গলবারের ঘোষণা অনুযায়ী বুধবার খুলনা অঞ্চলের মিলগুলোর শ্রমিকরা চার সপ্তাহের বকেয়া টাকা পেয়েছে। বিজেএমসি নিজস্ব তহবিল থেকে এই অর্থ পরিশোধ করা হয়েছে।

বিজেএমসির নিয়ন্ত্রণাধীন জুটমিলসগুলোর লোকসান কমিয়ে এনে লাভে নিয়ে যেতে শ্রমিকদের সহযোগিতাও চান তিনি।

বৈঠক শেষে মন্ত্রী ইমাজ উদ্দিন বলেন, “সবার লক্ষ্য পাটপণ্য উৎপাদন করে বাংলাদেশের সমৃদ্ধি বৃদ্ধি করা।”

বস্ত্র ও পাট সচিব এম এ কাদের সরকার, বিজেএমসি চেয়ারম্যান মেজর জেনারেল হুমায়ূন খালেদ, খুলনার ক্রিসেন্ট জুটমিলসের শ্রমিক ইউনিয়ন সিবিএ সভাপতি মো. দ্বীন ইসলাম, প্লাটিনাম জুটমিলসের সভাপতি কাওসার আলী মৃধা বৈঠকে উপস্থিত ছিলেন।