২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সচিবালয়ে পাটকল শ্রমিক নেতাদের হাতাহাতি

মন্ত্রীর সঙ্গে বৈঠকে গিয়ে ‘সিবিএ-নন সিবিএ’ দ্বন্দ্বে সচিবালয়ে হাতাহাতিতে জড়িয়েছেন রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর শ্রমিক নেতারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2016, 06:52 PM

Updated : 20 Aug 2022, 12:25 PM

মঙ্গলবার বিকালে এই ঘটনার পর আন্দোলনে থাকা পাটকল শ্রমিক সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ সোহরাব হোসেন খুলনা অঞ্চলের অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন।

চলমান আন্দোলনের বাইরে থাকা ১৮টি পাটকলের শ্রমিক নেতাদের সঙ্গে বিকাল সাড়ে ৩টা থেকে দুই ঘণ্টা বৈঠক করেন পাটমন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিক, প্রতিমন্ত্রী মির্জা আজম ও সচিব এম এ কাদের সরকার।

সাংবাদিকদের উপস্থিতিতে সভার শুরুতে পরিচয় পর্বে দেখা যায়, বৈঠকে থাকা নেতাদের বেশিরভাগই সরকারদলীয় শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত। তাদের মধ্যে আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজও ছিলেন।

আন্দোলনে থাকা খুলনা অঞ্চলের ৯টি পাটকলের শ্রমিক নেতাদের এই বৈঠকে আমন্ত্রণ জানানো হলেও তারা ‘নন-সিবিএ’ নেতাদের সঙ্গে বৈঠকে অংশ নিতে আপত্তি জানিয়ে সম্মেলন কক্ষের বাইরে অবস্থান নেন।

একাংশের সঙ্গে বৈঠকের পর খুলনা অঞ্চলের পাটকল শ্রমিক নেতারা মন্ত্রীর সঙ্গে বসতে চাইলে মির্জা আজম তাদের বুধবার বেলা আড়াইটায় সময় দেন।

মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষের ঠিক দরজার পাশে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন বৈঠক বর্জনকারী সোহরাব, যিনি নির্বাচিত শ্রমিক ইউনিয়নের (সিবিএ) নেতা।

মন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেওয়া ব্যক্তিরা শ্রমিক নেতা নন দাবি করে সোহরাব বলেন, “এরা নন-সিবিএ ব্যক্তি, কোটি কোটি টাকার ভাগ-বাটোয়ারা করতেই এখানে এসেছেন।”

ঠিক ওই সময় বৈঠকে অংশ নেওয়া অন্য শ্রমিক নেতারা সম্মেলন কক্ষ থেকে বের হচ্ছিলেন।

সোহরাবের কথায় উত্তেজিত হয়ে তারা সিবিএ নেতাদের তাদের উপর চড়াও হন। এক নেতা বলে ওঠেন- “ওই কী বলেরে, আমরা নাকি সিবিএ না? আয় তো সব।”

Image
হাতাহাতিতে পাটকল শ্রমিক নেতারা

হাতাহাতিতে পাটকল শ্রমিক নেতারা

এরপর বৈঠকে অংশ নেওয়া নেতারা জুট মিল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদের আহ্বায়ক সোহরাব এবং সদস্য সচিব এস এম জাকির হোসেনের হামলে পড়েন।

সোহরাব-জাকিরসহ তাদের পক্ষের নেতারাও পাল্টা চড়াও হলে প্রায় আধা ঘণ্টা ধরে মন্ত্রণালয়ের করিডোরে দুই পক্ষের নেতাদের হাতাহাতি ও ধস্তাধস্তি চলতে থাকে।

সচিবালয়ের ৬ নম্বর ভবনের অষ্টম তলার করিডোরে শ্রমিক নেতাদের ধস্তাধস্তির সময় মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা তাদের কক্ষের বাইরে বেরিয়ে আসেন।

সভা শেষ হওয়ার কয়েক মিনিট পরেই শ্রমিক নেতাদের মধ্যে এই হাতাহাতি লেগে গেলে পাটমন্ত্রী ও প্রতিমন্ত্রী নিজেদের দপ্তরে না গিয়ে লিফট দিয়ে নিচে নেমে যান।

পরে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের হস্তক্ষেপে করিডোর ছাড়েন পাটকল শ্রমিক নেতারা।

‘কর্মসূচি প্রত্যাহার না করলে ব্যবস্থা’

বৈঠক শেষে পাট প্রতিমন্ত্রী মির্জা আজম সাংবাদিকদের বলেন, “আমরা শ্রমিকদের দাবি মেনে নিয়েছি। সবাইকে বুধবারের মধ্যে অবরোধ কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। কর্মসূচি প্রত্যাহার না করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

পাটখাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ, ২০ শতাংশ মহার্ঘ ভাতাসহ পাঁচ দফা দাবিতে খুলনা-যশোরের পাটকল শ্রমিকরা ৫ এপ্রিল ধরে রাজপথ-রেলপথ অবরোধ করে আসছিলেন।

সরকার সোমবার পাটকলগুলোর বকেয়া পরিশোধের জন্য হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিলেও খুলনা-যশোর অঞ্চলের নয়টি পাটকলের শ্রমিকরা কর্মসূচি থেকে সরেনি।

তারা বলছেন,শ্রমিকদের মজুরি কতটা পরিশোধ করা হচ্ছে, মহার্ঘ ভাতার জন্য কত বরাদ্দ দেওয়া হচ্ছে সব স্পষ্ট না করার আগে কর্মসূচি থেকে পিছু হটবেন না তারা।

বৈঠকে অংশ না নেওয়া পাটকলগুলোর শ্রমিক নেতারা সরকারের সিদ্ধান্ত মেনে নিচ্ছেন কি না- সাংবাদিকদের এ প্রশ্নে মির্জা আজম বলেন, “তারা তো বৈঠকেই অংশ নেয়নি। বৈঠকে অংশ নিলে তো মানা না মানার বিষয় ছিল। আপনারা (সাংবাদিক) তাদের জিজ্ঞেস করতে পারেন।”

প্রতিমন্ত্রী জনান, শ্রমিকদের দুই সপ্তাহের বেতন বুধবারের মধ্যে দেওয়া হবে। এই টাকা ইতোমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে।

Image
খুলনায় অবরোধ চলছিল মঙ্গলবারও

খুলনায় অবরোধ চলছিল মঙ্গলবারও

“যারা আন্দোলনরত এবং এখনও যারা কর্মসূচি প্রত্যাহার করেননি তাদের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি, আগামীকালের (বুধবার) মধ্যে আন্দোলন প্রত্যাহার করে কাজে যোগ দেবেন।”

প্রধানমন্ত্রী অর্থ বরাদ্দ দেওয়ার পর এখন আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই দাবি করে প্রতিমন্ত্রী বলেন, “কাল থেকে তারা কাজে যোগ না দিলে বিজেএমসির রুলস অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

“রাজপথ, রেলপথ অবরোধ বা সাংঘর্ষিক কোনো পথে গিয়ে যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটান বা এ ধরনের কোনো কর্মসূচি তারা দেন, তাহলে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে, এর কোনো বিকল্প নেই।”

শ্রমিকদের দাবি অনুযায়ী সব পাওনা খুব শিগগিরই পরিশোধের আশ্বাস দেন মির্জা আজম।

“টাকা প্রাপ্তির প্রক্রিয়া শুরু হয়ে গেছে, হতাশ হওয়ার কারণ নেই। আপনারা যারা আন্দোলন করছেন, তারা আমাদের পরিবারেই সদস্য।”

“বিজেএমসির মিলগুলোকে টিকিয়ে রাখার জন্য আন্তরিকভাবে চেষ্টা করুন, যাতে বিজিএমসি যে লোকসান করছে, তা মোকাবেলা করে লাভে যেতে পারে।”

নয়টি পাটকলের শ্রমিক নেতারা বৈঠকে অংশ না নিলেও তাদের দাবিও একই বলে জানান মির্জা আজম। এসব পাটকলের শ্রমিক নেতারাও একই কথা বলেছেন।

বৈঠকে ১৮টি পাটকলের শ্রমিক সংগঠনের নেতারা ছাড়াও বিজেএমসি চেয়ারম্যান মেজর জেনারেল হুমায়ূন খালেদ এবং পাট মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মতিউর রহমান উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

পাট শ্রমিকদের জন্য হাজার কোটি টাকা
খুলনায় পাটকল শ্রমিকদের অবরোধ চলছে