২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী কোং জুয়াইউ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2016, 03:53 PM

Updated : 12 Apr 2022, 01:50 AM

বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেখা করতে এলে দুই দেশের সম্পর্ক, সহযোগিতা এবং বিনিয়োগ ইস্যুতে দু’জনের মধ্যে কথা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

এসময় বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান সম্পর্ককে ‘চমৎকার’ অভিহিত করে শেখ হাসিনা বলেন, অনেক ক্ষেত্র আছে; যেখানে এই দু’দেশের সহযোগিতার সুযোগ রয়েছে।

বাংলাদেশের উন্নয়নে চীনের সহযোগিতার কথা উল্লেখ করে দেশটির প্রতি কৃতজ্ঞতাও জানান প্রধানমন্ত্রী।

বাংলাদেশের বিভিন্ন খাতে উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, “আমরা এ দেশকে উন্নত করতে চাচ্ছি। খাদ্য, স্বাস্থ্যসেবা ও বাসস্থানসহ মানুষের মৌলিক চাহিদা পূরণ করে দেশ থেকে দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার।”

প্রধানমন্ত্রী জানান, দেশের অর্থনৈতিক উন্নয়নকে বেগবান করতে তার সরকার দেশের বিভিন্নস্থানে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলেছে। চীনের জন্যও জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে। এর ফলে দেশে পণ্য উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধি পাবে।

বাংলাদেশে চায়নার আরও বিনিয়োগের প্রত্যাশা করে তিনি বলেন, বাংলাদেশ, ভারত, চীন ও মিয়ানমানের (বিসিআইএম) মধ্যে আঞ্চলিক জোট গঠন করা হয়েছে।

এই জোটের মাধ্যমে এ অঞ্চলে বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধি পাবে বলেও আশা প্রকাশ করেন শেখ হাসিনা।

জবাবে বাংলাদেশকে চীনের ‘সম্মুখসারির উন্নয়ন সহযোগী’ উল্লেখ করে দেশটির সহকারী পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ একটি দেশ।

বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতির প্রশংসা করে তিনি বলেন, তার আশা বাংলাদেশ ২০২১ সালে মধ্যম আয় এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে উন্নীত হবে।

অর্থনৈতিক মন্থর গতির মধ্যেও বাংলাদেশের অগ্রগতির জন্য চীনের এই মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন।

তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় পৌঁছনোর ক্ষেত্রে চীন বাংলাদেশকে সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।

এছাড়া পররাষ্ট্র নীতিতে বাংলাদেশের ‘এক চীন নীতির’ প্রশংসা করেন সহকারী পররাষ্ট্রমন্ত্রী।

এসময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম ও বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। 

পরে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের কোচি বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট হিরোকো মিনামি।

বৈঠকে দেশের নার্সিং খাত নিয়ে আলোচনা হয় বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সাংবাদিকদের জানিয়েছেন।

সাক্ষাতে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে নার্সিং খাত আগে অবহেলিত থাকলেও তার নেতৃত্বাধীন সরকার দেশের এ খাতের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি নিয়েছে এবং সহায়তা দিয়ে যাচ্ছে।

সরকারের পাশাপাশি বেসরকারি খাতেও নার্সিং পেশার উন্নয়নে সরকার উৎসাহ দিয়ে যাচ্ছে বলে জানান তিনি।

জবাবে হিরোকো মিনামি বলেন, বাংলাদেশের নার্সিং খাতের উন্নয়নে ‘প্রজেক্ট ফর ক্যাপাসিটি বিল্ডিং অব নার্সিং সার্ভিসেস ইন বাংলাদেশ’ নামে একটি প্রকল্প বাস্তবায়ন করছে জাইকা।

এ প্রকল্পের অধীনে নার্সিংয়ে একটি স্মাতক কোর্স চালু হবে বলেও জানান তিনি।

চীন ও জাপানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর বীরশ্রেষ্ঠদের উত্তরাধিকারী এবং নির্বাচিত খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের অনুকূলে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।