২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়র মান্নানকে বরখাস্তের আদেশ স্থগিতের বিরুদ্ধে আবেদনের শুনানি বুধবার

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নানের সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করে হাই কোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে করা আবেদনের উপর বুধবার আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2016, 11:08 PM

Updated : 20 Aug 2022, 12:25 PM

হাই কোর্টের আদেশ স্থগিত চেয়ে প্যানেল মেয়র আসাদুর রহমানের করা আবেদনটি মঙ্গলবার চেম্বার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ১৩ এপ্রিল আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান।

সাময়িক বরখাস্তের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে মান্নানের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে ১১ এপ্রিল হাই কোর্ট রুল জারির পাশাপাশি সাময়িক বরখাস্তের ওই আদেশ ছয় মাসের জন্য স্থগিত করেন। এই আদেশ স্থগিত চেয়ে চেম্বার বিচারপতির আদালতে আবেদন নিয়ে যান আসাদ।

এর পরিপ্রেক্ষিতে চেম্বার বিচারপতি বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে বুধবার শুনানির জন্য পাঠান।

আদালতে আসাদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মাহবুবে আলম, সঙ্গে ছিলেন একরামুল হক টুটুল।

একরামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাই কোর্টের আদেশ স্থগিত চেয়ে আসাদের করা আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের বুধবারের কার্যতালিকায় তিন নম্বর ক্রমিকে রয়েছে।   

বিএনপি নেতা মান্নানের বিরুদ্ধে জয়দেবপুর থানার একটি ফৌজদারি মামলায় আদালতে অভিযোগপত্র গৃহীত হওয়ার পর স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী সরকার তাকে সাময়িক বরখাস্ত করে।

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে বিএনপির জনপ্রতিনিধিদের বাদ দেওয়ার অংশ হিসেবে এই পদক্ষেপ বলে মান্নানের অভিযোগ।

এর বৈধতা চ্যালেঞ্জ করে তিনি হাই কোর্টে রিট আবেদন করলে আদালতের স্থগিতাদেশ আসে।