বাড্ডার বাসায় নারীর লাশ
রাজধানীর বাড্ডার এক বাসা থেকে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে, যাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।
বাড্ডা থানার ওসি এমএ জলিল জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে আলাতুন্নেসা স্কুলের গলির একটি দোতলা বাসা থেকে শাহিদা বেগম (২২) নামের ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়।
“এপ্রিল মাসে এক যুবককে স্বামী পরিচয় দিয়ে ওই বাসা ভাড়া নিয়েছিলেন শাহিদা। সেই যুবকই তাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
ওসি বলেন, ওই যুবকের পরিচয় জেনে তাকে গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।
“শাহিদা আগে মোল্লা টাওয়ারে একটি পোশাক কারখানায় কাজ করতেন। তার স্বামী আনিসের সঙ্গে এক বছর ধরে তার সম্পর্ক নেই বলে আমরা জানতে পেরেছি।”
ময়নাতদন্তের জন্য শাহিদার মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
