২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভাড়াটিয়ার অনুপস্থিতিতে মালামাল লুটের অভিযোগ

ভাড়াটিয়ার অনুপস্থিতিতে ঘরে ঢুকে মালামাল লুটের অভিযোগ উঠেছে এক বাড়ির মালিকের বিরুদ্ধে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2016, 10:56 PM

Updated : 12 Apr 2022, 01:49 AM

রোববার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে সৌরভী কবির নামে এক ভাড়াটিয়া এই অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “২০১১ সালের নভেম্বর থেকে রাজধানীর কাঠালবাগানের ফ্রি স্কুল স্ট্রিটের ২৪৩/৩ নম্বর বাসার ৪/এ নম্বর ফ্লাটে আমি আমার বৃদ্ধা মা বসবাস করে আসছি। আমার পরিবারের অন্যান্য সদস্যরা দেশের বাইরে থাকেন। আমাদেরও সেখানে চলে যাওয়ার কথা রয়েছে।”

সুরভী বলেন, “গত বছরের মে মাসে বাড়ির মালিককে বাসা ছেড়ে দেওয়ার কথা বলার পর তিনি বাসার গ্যাস, বিদ্যুতের লাইন কেটে দেন। অথচ আমাদের বাসাভাড়া ও অন্যান্য সব ধরনের বিলের টাকা পয়সা দেওয়া ছিল।”

“অক্টোবর মাসে আমি ও মা এক আত্মীয়ের বাসায় বেড়াতে গেলে ফ্ল্যাট মালিক অহিদ মিয়া আমাদের অনুপস্থিতিতে লোকজন নিয়ে বাসায় প্রবেশ করে সব মালপত্র নিয়ে যান।”

কলাবাগান থানায় অভিযোগ নিয়ে গেলেও ওসি মো.ইকবালের কাছ থেকে কোনো সহযোগিতা পাওয়া যায়নি বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে সুরভী দাবি করেন, তার সম্পদের মূল্য আনুমানিক ৪০ লাখ টাকা; তিনি তার আসবাবপত্র ফেরত দেওয়ারও আহ্বান জানান।

পাশাপাশি আইনি সহযোগিতা না দেওয়ায় কলাবাগানের ওসি মো. ইকবালের বিচার দাবি করেন তিনি।

এ বিষয়ে বাড়ির মালিক অহিদ মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলেও তার মোবাইল ফোন নম্বরটি  (০১৭২০১২০৯৩৮) বন্ধ পাওয়া গেছে।

কলাবাগান থানার ওসি মো. ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই নারী প্রায় এক বছর ধরে বাড়ির ভাড়া দিতেন না। বাড়ির মালিক ও স্থানীয়রা তাকে ভাড়া না দিয়েই বাসা ছেড়ে চলে যেতে বলার পর তিনি ১০/১৫দিন বাসার বাইরে ছিলেন। ওই সময় বাসার মালিক ওই নারীর বাসায় প্রবেশ করে মালামাল বাড়ির নিচে নিয়ে আসতে পারে। সেখানে কিছু মালামাল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হলে দুই পক্ষকে আলোচনা করে সমস্যা সমাধানের পরামর্শ দেওয়া হয়েছিল।”

ওই নারী রাজি না হয়ে কখনো আদালতে, কখনো র্যা বে আবার কখনো পিবিআইয়ে অভিযোগ করছেন বলেও দাবি করেন ওসি মো. ইকবাল।

“আমি কেন বাড়ির মালিককে সহযোগিতা করতে যাব,” উল্টো প্রশ্ন রাখেন তিনি।