২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা ম্যাচ ফ্যাক্টরিতে আওয়ামী লীগের দু’পক্ষের মারামারি

অন্তর্কোন্দলে রাজধানীর কদমতলীতে ক্ষমতাসীন আওয়ামী লীগের ‍দুই পক্ষের মারামারিতে আহত হয়েছেন দুজন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2016, 06:34 PM

Updated : 12 Apr 2022, 01:49 AM

আহত ফারুক হোসেন ও মো. মানিক সংরক্ষিত আসনের সংসদ সদস্য সানজিদা খানমের সমর্থক।

সোমবার দুপুরে কদমতলী থানার ঢাকা ম্যাচ ফ্যাক্টরির দুই নম্বর ইউনিট কার্যালয়ে সামনে এই মারামারি বাঁধে বলে পুলিশ জানিয়েছে।

হামলার জন্য দশম সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেনকে দায়ী করেছেন সানজিদা। তবে ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতা আওলাদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি ।

নবম সংসদে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য ছিলেন সানজিদা। ২০১৪ সালে অনুষ্ঠিত নির্বাচনে ওই আসনটি জাতীয় পার্টির আবু হোসেন বাবলাকে আওয়ামী লীগ ছেড়ে দিলেও স্বতন্ত্র প্রার্থী হয়ে হেরেছিলেন আওলাদ।

এলাকায় দলের কর্তৃত্ব নিয়ে আওলাদের সঙ্গে সানজিদার বিরোধ রয়েছে বলে আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন।

নাম প্রকাশ না শর্তে ওই এলাকার এক নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার কদমতলী থানা আওয়ামী লীগের নতুন কমিটি হয়। এর সভাপতি মো. নাসিম ও সাধারণ সম্পাদক মো. মোবারক দুজনই আওলাদের পক্ষের।

“অন্যদিকে ঢাকা ম্যাচ ফ্যাক্টরির দুই নম্বর ইউনিটের সভাপতি ফজলুল হক ফজু আর সাধারণ সম্পাদক ফারুক সানজিদা খানমের লোক। নতুন থানা কমিটি গঠনের পর আওলাদের লোকজন ওই ইউনিটের দখল নিতে গেলে মারামারি বাঁধে।”

সানজিদা  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত নির্বাচনে দলীয় নির্দেশ না মেনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় আওলাদকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। তার লোকজন ঢাকা ম্যাচ ফ্যাক্টরির ইউনিট কার্যালয়ে হামলা চালিয়ে মানিক ও ফারুককে আহত করেছে।”

আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

কদমতলী থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, দুই পক্ষের মধ্যে উত্তেজনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মারামারি থামায়।

তবে দুই পক্ষের রাজনৈতিক পরিচয় নিয়ে এই পুলিশ কর্মকর্তা কিছু বলতে রাজি হননি।