২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অবমাননা: ৩ ট্যানারি মালিককে গ্রেপ্তারে পরোয়ানা

রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারি কারখানা স্থানান্তরের নির্দেশনা অনুসরণ না করার পর তলবের আদেশেও হাজির না হওয়ায় তিন কারখানা মালিককে গ্রেপ্তার করতে পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2016, 10:10 PM

Updated : 20 Aug 2022, 12:24 PM

তারা হলেন- মেসার্স মাহিন ট্যানারির মালিক আবদুল ওয়াদুদ মিয়া, মেসার্স নবীপুর ট্যানারির মালিক আব্দুল ওয়াহাব, মেসার্স এশিয়া ট্যানারির মালিক মো. মফিজ মিয়া।

বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের হাই কোর্ট রোববার তাদের গ্রেপ্তারের পরোয়ানা জারির আদেশ দেয়।  

আদেশ মেনে আদালতে হাজির হলেও ব্যাখ্যা দাখিল না করায় অন্য তিন ট্যানারি মালিক বেলা ১১টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত আদালতের জিন্মায় থাকার মধ্যে নিঃশর্ত ক্ষমা চেয়ে আবেদন করে মুক্তি পান বলে জানিয়েছেন আইনজীবী মনজিল মোরসেদ।

এই তিন ট্যানারি মালিক হলেন-পুবালী ট্যানারিসের মালিক মাহবুবুর রহমান, রুমি লেদার ইন্ডাস্টিজের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আহমেদ পাঠান এবং প্যারামাউন্ট ট্যানারিসের ব্যাবস্থাপনা অংশীদার মো. আকবর হোসেন।

মনজিল মোরসেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার বেলা ১টায় আদালত হাজির হবেন এবং কম্প্লায়েন্স (নির্দেশনা বাস্তবায়নের প্রতিবেদন) দাখিল করবেন এই শর্তে বিকাল সাড়ে ৪টায় তাদের মুক্তি দেওয়া হয়।

হাই কোর্ট ১০ জন ট্যানারি মালিককে হাজির হতে বলেছিল। তাদের মধ্যে রানা লেদার ইন্ডাস্ট্রিজের আরেফিন সামছুল আলামিন বিদেশে থাকায় তার পক্ষে সকালে আইনজীবী শাহ মঞ্জুরুল হক সময়ের আবেদন জানালে আদালত ৩ মে হাজির হতে নির্দেশ দেয়।

বাকি তিন ট্যানারি মালিক মারা গেছেন বলে জানান আইনজীবী মনজিল মোরসেদ। তারা হলেন-সালাম ট্যানারির মো. আব্দুস সালাম, করিম লেদার ইউনিট-২ এর রেজাউল করিম আনসারী এবং জুলেট এন্টারপ্রাইজের মো. সায়েদুল হক মাস্টার।

ট্যানারি শিল্প হাজারীবাগ থেকে অন্যত্র সরিয়ে নিতে হাই কোর্ট ২০০১ সালে রায় দেয়।

এরপর ২০০৯ সালের ২৩ জুন আদালত এক আদেশে ২০১০ সালের ২৪ ফেব্রুয়ারির মধ্যে হাজারীবাগ ট্যানারি শিল্প অন্যত্র স্থানান্তরের নির্দেশ দিয়েছিল।

সরকারপক্ষের আবেদনে ওই সময়সীমা কয়েক দফায় বাড়ানোর পরও ট্যানারি শিল্প হাজারীবাগ থেকে স্থানান্তর না করায় পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ আদালত অবমাননার আবেদন করে।

এর পরিপ্রেক্ষিতে ২০১৪ সালের ১৫ এপ্রিল হাই কোর্ট রুল দেয়। ২০১৫ সালের ২১ এপ্রিল শিল্প সচিব মোশাররফ হোসেন ভুইয়া আদালতে হাজির হয়ে যে ব্যাখ্যা দেন, তাতে ওই ১০টি প্রতিষ্ঠান বার বার তাগিদ স্বত্ত্বেও কারখানা স্থানান্তরে পদক্ষেপ নেয়নি বলে উঠে আসে।

এরপর ওই ১০ কারখানা মালিকের প্রতি আদালত অবমাননার রুল দেয়, আদালতে তলব করা হয়।

আদালতে উপস্থিত হওয়া তিন ট্যানারি মালিকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল ও ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী। শিল্প সচিবের পক্ষে ছিলেন আইনজীবী রইস উদ্দিন।

মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মক্কেলেরা নিঃশর্ত ক্ষমা চেয়েছেন এবং ট্যানারি অনত্র স্থানান্তরের জন্য কাজ করছেন। কী কী কাজ ইতোমধ্যে শেষ করা হয়েছে জানিয়ে সোমবার কম্প্লায়েন্স দেব।”

আদালতের নির্দেশনার পর সাভারে চামড়া শিল্প নগরীতে হাজারীবাগের সব ট্যানারি স্থানান্তরের উদ্যোগ নেয় সরকার। অনেক ট্যানারি সরে গেলেও অবশিষ্টগুলোকে সরাতে কড়াকড়িও চলছে।