২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাব্বির হত্যায় সানবীরদের খালাসের রায় কেন বাতিল হবে না: হাই কোর্ট

বসুন্ধরার পরিচালক হুমায়ুন কবীর সাব্বির হত্যামামলায় এই শিল্প গ্রুপটির চেয়ারম্যানের ছেলে সাফিয়াত হোসেন সানবীরসহ পাঁচজনকে খালাসের রায় কেন বাতিল হবে না, তা জানতে চেয়েছে হাই কোর্ট।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2016, 08:45 PM

Updated : 12 Apr 2022, 01:48 AM

বিচারিক আদালতে চার বছর আগে দেওয়া এই হত্যামামলার রায় বাতিলে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের বেঞ্চ এই রুল দেয়।

সংশ্লিষ্টদের কাছে চার সপ্তাহের মধ্যে জবাব চেয়ে এই রুলের পাশাপাশি খালাস পাওয়া পাঁচজনকে নিম্ন আদালতে ছয় সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করতেও হাই কোর্ট আদেশ দিয়েছে।

আত্মসমর্পণের আদেশ প্রতিপালন হলে ওই পাঁচজনকে জামিন দিতেও নিম্ন আদালতকে বলা হয়েছে বলে আদালতের এক কর্মকর্তা জানিয়েছেন।

সানবীর ছাড়া অন্য আসামিরা হলেন- নূরে আলম, হুমায়ূন কবীর, খায়রুল হাসান উজ্জ্বল ও শামসুদ্দিন আহমেদ।

হাই কোর্টে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো বশির উল্লাহ ও সহকারী অ্যাটর্নি জেনারেল শহীদুল ইসলাম খান।

২০০৬ সালের ৪ জুলাই রাতে গুলশানের একটি বাড়িতে খুন হন বসুন্ধরা টেলিকমিউনিকেশন্স নেটওয়ার্ক লিমিটেডের পরিচালক সাব্বির। এর তিন দিন পর তার ভগ্নিপতি এএফএম আসিফ হত্যা মামলা করেন।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী সুপারিনটেনডেন্ট মো. আরমান আলী ২০০৮ সালের ১২ মে এ মামলায় অভিযোগপত্র দেন। তাতে বলা হয়, গুলশানের ১০৪ নম্বর সড়কে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন ৩/জি নম্বর বাসার ছাদ থেকে সাব্বিরকে ফেলে দেওয়া হয়।

২০১১ সালের ১৫ ডিসেম্বর ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মোতাহার হোসেন সব আসামিকে খালাস দিয়ে রায় দেন।

রায়ে তিনি বলেন, রাষ্ট্রপক্ষ বস্তুনিষ্ঠ, প্রকৃত ও বাস্তব সাক্ষী উপস্থাপনে ব্যর্থ হওয়ায় পাঁচ আসামির সবাইকে বেকসুর খালাস দেওয়া হল।

সাব্বির খুন হওয়ার কিছুদিন পর সানবীর দেশ ছেড়ে যান। তৎকালীন বিএনপি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তাকে দেশত্যাগে সহায়তা করেছিলেন বলে অভিযোগ আছে।

সাব্বির খুনের ঘটনা ধামাচাপা দিতে ঘুষ নেওয়ার একটি মামলাও চলছে। দুর্নীতি দমন কমিশনের এই মামলায় খালেদা জিয়ার ছেলে তারেক রহমান ও সাবেক প্রতিমন্ত্রী বাবরও আসামি।