অটিজম সম্পর্কে বিজিবির সবাইকে সচেতন হওয়ার আহ্বান ডিজির
সীমান্তরক্ষী বাহিনী- বিজিবির প্রত্যেক কর্মকর্তা ও সদস্যকে অটিজম সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আজিজ আহমেদ।
বিশ্ব অটিজম সচেতনতা দিবস- ২০১৬ উপলক্ষে রোববার পিলখানায় বিজিবি পরিবারের সদস্যদের সংগঠন সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপকস) আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
অটিজমে আক্রান্ত শিশুদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে আজিজ আহমেদ বলেন, বিজিবি পরিবারের বিশেষ শিশুদের বিজিবি'র শিক্ষা প্রতিষ্ঠানে বিনা বেতনে পড়া-লেখার সুযোগসহ তাদের কল্যাণে বিজিবির পক্ষ থেকে সম্ভাব্য সব পদক্ষেপ নেওয়া হবে।
“আর তাহলে আমরা এ দেশ এবং জাতিকে একটা কিছু দিতে পারব।”
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সীপকস’র প্রধান পৃষ্ঠপোষক বিজিবির ডিজির স্ত্রী বেগম দিলশাদ নাহার আজিজ বলেন, “অটিজম জনগোষ্ঠী একটা বিশাল শক্তি। তাদের অবহেলা না করে কাজে লাগালেই তারা সমাজ আর দেশের জন্য বিরাট অবদান রাখতে পারে “
সভায় মূল বক্তব্য রাখেন বিজিবি সদর দপ্তর পিলখানার অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা) ব্রিগেডিয়ার জেনারেল মো. তৌফিকুল হাসান সিদ্দিকী।
শিশু বিশেষজ্ঞ লেফটেন্যান্ট কর্নেল ইসমত আরা বেগম ও মনোবিজ্ঞানী নাঈমা ইসলাম (চয়ন) আলোচনায় অংশ নেন।
পিলখানায় কর্মরত বিজিবির সব পর্যায়ের কর্মকর্তা, সদস্য ও বিজিবি পরিবারের ‘বিশেষ শিশুদের’ অভিভাবকরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে বিজিবি পরিবারের ‘বিশেষ শিশুদের’ শুভেচ্ছা উপহার দেন প্রধান অতিথি দিলশাদ নাহার আজিজ।
