ঢাকায় ট্রেনে কাটা শিশুসহ দুজন
রাজধানীর বনানীতে ট্রেনে কাটা পড়ে দুজন নিহত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তেজগাঁও কুনিপাড়া ও মগবাজারে রেললাইনে দুর্ঘটনায় মারা গেছেন শিশুসহ দুজন।
রোববার নিহতরা হলেন- জহিরুল ইসলাম জয় (৮) ও মো. আজহার (৪৩)।
বিকালে তেজগাঁও কুনিপাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় জহিরুল গুরুতর আহত হন বলে ঢাকা রেলওয়ে থানার এসআই সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয় জহিরুলকে। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে বিকাল ৫টার দিকে সেখানে তার মৃত্যু হয়।
জয়ের বাবা দাউদ নবী হাসপাতালে সাংবাদিকদের জানান, বিকেল জয় ও তার পাঁচ বছর বয়সী ছোট ভাই জিহাদ কুনিপাড়া রেল স্টেশন কোয়ার্টারের বাসা থেকে কাছের দোকানে মুড়ি কিনতে গিয়ে দুর্ঘটনায় পড়ে।
দাউদ নবীর বাড়ি নোয়াখালীর সেনবাগে।
বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকাগামী একটি ট্রেনে কাটা পড়ে মারা যান হলিফ্যামিলি হাসপাতালের স্টোর অফিসার মো. আজহার।
জিআরপির এসআই সিরাজুল বলেন, “মগবাজারের পেয়ারাবাগে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়েন আজহার।”
হলিফ্যামিলি হাসপাতালের কর্মচারী লায়লা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আজাহারের বাসা পেয়ারাবাগে। হাসপাতালে থেকে সেখানে ফেরার পথে দুর্ঘটনায় পড়েন তিনি।
