জলরঙের চিত্রকর্ম বাংলাদেশি চিকিৎসককে এনে দিল আন্তর্জাতিক অর্জন
জলরঙে আঁকা চিত্রকর্মের জন্য ইন্টারন্যাশনাল ওয়াটারকালার সোসাইটির (আইডব্লিউএস) প্রতিযোগিতায় বিজয়ীদের তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশি চিকিৎসক দেবব্রত আইচ মজুমদার।
অনলাইন এই প্রতিযোগিতায় বিজয়ী ২০ জনের মধ্যে ১১তম হয়েছে চিকিৎসক দেবব্রত।
গত ১ থেকে ১৫ মার্চ এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে দেবব্রত জলরঙে আঁকা তার ‘মারমেইড’ শিরোনামের চিত্রকর্ম নিয়ে অংশ নেন।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন ইরাকের জাইদ আলজাইদ। দ্বিতীয় স্থানে রয়েছেন মঙ্গোলিয়ার মুঙ্খবাতার সুরেনসেতসেগ।
ফেসবুকে সবচেয়ে বেশি লাইকপ্রাপ্ত এবং জুরিদের মতামতের ভিত্তিতে সম্প্রতি বিজয়ী নির্বাচন করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন দেবব্রত।
ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করা কিশোরগঞ্জের সন্তান দেবব্রত বর্তমান সরকারি চাকুরে।
তুরস্কভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান আইডব্লিউএসের জন্ম ২০১২ সালে।জলরঙে আঁকা চিত্রকর্মকে বিশ্বব্যাপী পরিচয় করিয়ে দিতে কাজ করছে প্রতিষ্ঠানটি।
