২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাকা বাড়লেই অর্থনৈতিক উন্নয়ন হয় না: মুহিত

শিক্ষার মান, সাহিত্য ও ঐতিহ্যসহ সবক্ষেত্রে উন্নয়নের মাধ্যমেই সত্যিকারের অর্থনৈতিক উন্নয়ন হয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2016, 10:31 PM

Updated : 11 Oct 2022, 08:04 PM

শনিবার চন্দ্রাবতী একাডেমি প্রকাশিত শিশুদের চারটি বইয়ের মোড়ক উম্মোচন করে তিনি বলেন, “অর্থনৈতিক উন্নয়ন শুধু টাকার অংকের উন্নয়ন নয়। এর সঙ্গে চরিত্র, শিক্ষারমান, সাহিত্য ও ঐতিহ্যসহ সবক্ষেত্রে উন্নয়ন হলেই সত্যিকারের অর্থনৈতিক উন্নয়ন।

“বর্তমানে আমাদের যে উন্নয়ন হচ্ছে, তার সঙ্গে সমাজের সবক্ষেত্রে উন্নয়ন আমাদের লক্ষ্যমাত্রা হওয়া উচিত।”

মোড়ক উন্মোচন করা বইগুলো হচ্ছে- ‘কথার ঝাঁপি’, ‘সাতসকাল’, ‘আজ ছুটিবার’ ও ‘অনেক আকাশ’।

তথ্য প্রযুক্তির বর্তমান সময়ে অনলাইন ভিত্তিক পড়াশুনা জনপ্রিয় হলেও মুদ্রিত বইয়ের আকর্ষণ আরও অনেক বছর থাকবে বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী মুহিত।

“তথ্য প্রযুক্তির এই যুগে অনলাইন ভিত্তিক পড়াশুনার কারণে বই হারিয়ে যাবে বলে আমরা আশঙ্কা করেছিলাম, কিন্তু এখন দেখছি বই বেঁচে গেছে। আরও অনেক বছর এই বইয়ের আকর্ষণ থাকবে বলে আমি মনে করি, সৌন্দর্য়ের প্রতি মানুষের আকর্ষণ হারাবে না।”

বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এ মোড়ক উম্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক আনিসুজ্জামান। এ সময় বাংলা একাডেমির মহা-পরিচালক শামসুজ্জামান খান, চিত্রশিল্পী হাশেম খান ও রফিকুন নবী উপস্থিত ছিলেন।

শিশুদের জন্য প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচনের অনুষ্ঠানে তাদের ওপর থেকে ‘স্কুল পাঠ্যবইয়ের বোঝা’ কমানোর কথা বলেন শিল্পী হাশেম খান।

“বর্তমান শিক্ষা ব্যবস্থায় শিশুদের ওপর অতিরিক্ত বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। এ বোঝার চাপে এখন আনন্দ পাঠ হচ্ছে না। এ চাপ অর্ধেক কমানো উচিত।”

নীচের শ্রেণিতে পরীক্ষা ব্যবস্থাকে ‘দানব’ বলে আখ্যায়িত করে প্রাথমিক পর্যায়ে পরীক্ষা বন্ধ করে দেওয়ার দাবি জানান এই চিত্রশিল্পী।