২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবক্ষয়ের বিরুদ্ধে এবারের ‘মঙ্গলযাত্রা’  

সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান তুলে ধরার পাশাপাশি মা-সন্তানের সম্পর্ক ফুটে উঠবে এবারের মঙ্গলযাত্রার আয়োজনে। মূল প্রতিপাদ্যও তাই ‘অন্তর মম বিকশিত করো অন্তরতর হে’।

মাসুম বিল্লাহ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2016, 09:46 PM

Updated : 11 Oct 2022, 08:04 PM

আর এ নিয়ে প্রস্তুতির শেষ সময় পার করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা।

মঙ্গল শোভাযাত্রার আয়োজক চারুকলার শিক্ষক-শিক্ষার্থীরা জানিয়েছেন, শোভাযাত্রার প্রস্তুতি প্রায় একমাস ধরে চলে। ১৬ মার্চ আনুষ্ঠানিকভাবে এর সূচনাও হয়েছে।

চারুকলা অনুষদ ঘুরেও শোভাযাত্রার জন্য রঙতুলিতে কিংবা বাঁশ-কাঠ নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত থাকতে দেখা গেছে শিক্ষার্থীদের।

অনেকে ঘুরে দেখছেন শোভাযাত্রার শেষ মুহূর্তের আয়োজন এবং কিনছেন চারুকলার শিক্ষার্থীদের বানানো বিভিন্ন চিত্র আর বিভিন্ন রকমের সরা।

বছরজুড়ে শিশুহত্যা, মা ও সন্তানের মধ্যে সম্পর্কে অবনতি আর ধর্মান্ধ শক্তির ‘আস্ফালনের’ প্রেক্ষাপটে এবারের থিম ‘সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে প্রতিবাদ’ বলে জানিয়েছেন আয়োজকরা।

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অন্তরাত্মাকে বিকশিত করার মাধ্যমেই কেবল এসব সমস্যার সমাধান হতে পারে। তাই এবারের মূল প্রতিপাদ্যও ‘অন্তর মম বিকশিত করো অন্তরতর হে’।”

“প্রতিবারই আমরা শুভ কামনা নিয়ে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করি। এবছর আমাদের মূল ভাবনার জায়গাটা সামাজিক মূল্যবোধের অবক্ষয়। যার ফলে এখন মায়ের হাতে সন্তান, সন্তানের হাতে মা খুন হচ্ছে। সেই সঙ্গে ধর্ম ব্যবসায়ীদের আস্ফালনসহ নানা অবক্ষয় চলছে।”

“আমরা এসব থেকে মুক্তি চাই, আলোর দিকে যেতে চাই।”

পহেলা বৈশাখ সকাল ৯টায় চারুকলার সামনে থেকে বের হবে মঙ্গল শোভাযাত্রা। যার উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।

বিভিন্ন লোকজ অনুষঙ্গ ও কাঠামোকে সঙ্গী করে শোভাযাত্রাটি চারুকলার সামনে থেকে বের হয়ে হোটেল ইন্টারকন্টিন্টোলের (সাবেক হোটেল রূপসী বাংলা) সামনে ঘুরে আবার চারুকলার সামনে এসে শেষ হবে।

শিক্ষকদের নির্দেশনায় শোভাযাত্রা আয়োজনের মূল দায়িত্বে আছেন অনুষদের ১৭তম ব্যাচের (মাস্টার্স দ্বিতীয় পর্ব) শিক্ষার্থীরা।

তাদের তত্ত্বাবধায়ক খালিদ হাসান রবিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গল শোভাযাত্রার নয়টি বড় আকারের শিল্প কাঠামো থাকছে। তার মধ্যে রয়েছে ‘মা ও শিশু’, ‘বড় হাতি’, ‘বজরা নৌকা’, ‘একরোখা ষাঁড়’, ‘টেপা পুতুল’ ও ‘ময়ুরপঙ্খী নাও’।

তিনি বলেন, “সাম্প্রতিক সময়ের শিশু নির্যাতন এবং মা ও শিশুর সম্পর্কের দৃঢ়তার প্রতীক হিসেবে শোভাযাত্রার শুরুতেই থাকবে টেপা পুতুলের আদলে মা ও শিশুর কাঠামো, যার উচ্চতা হবে ২০ থেকে ২৫ ফুট।

“সমৃদ্ধি প্রতীক হিসেবে থাকবে হাতি। একই বিষয়ে থাকবে বিশাল ময়ূরপঙ্খী নাও। নদীমাতৃক বাংলাদেশের প্রেক্ষাপটে এটিও বিবেচিত হবে সমৃদ্ধির প্রতীক হিসেবে। দুর্নীতি ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবে থাকবে একরোখা ষাঁড় আর পরিবেশ সচেতনতাসহ নানা বিষয়কে ধারণ করে শোভাযাত্রায় আরও থাকবে গাছ ও পাখি এবং গরুর শিল্প-কাঠামো।”

শোভাযাত্রায় প্রদর্শনের জন্য মাছ, পাখি, বড় আকারের মুখোশসহ বিভিন্ন বাঙালি ঐতিহ্যের অনুষঙ্গ তৈরি করা হচ্ছে বলে জানান রবিন।

প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, “প্রস্তুতি মোটামুটি শেষ পর্যায়ে রয়েছে। স্ট্রাকচারগুলো নির্মাণ করা হচ্ছে, যেগুলো নির্মাণ হয়েছে সেগুলোতে রঙের শেষ আঁচড় দেওয়ার কাজ চলছে।”

“অন্তরাত্মাকে বিকশিত করা এবং সেটা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান থাকবে এবারের মঙ্গল শোভাযাত্রা থেকে। কারণ, শিশুহত্যা আর সন্তান কর্তৃক মা-বাবা কিংবা মা-বাবা কর্তৃক সন্তান হত্যার মতো ঘটনাগুলো শুধু আইন প্রয়োগ করে বন্ধ করা সম্ভব নয়।”

প্রতিবছর মঙ্গল শোভাযাত্রার খরচ মেটানো হয়ে থাকে শোভাযাত্রার প্রস্তুতির সময়ে শিক্ষার্থীদের তৈরি শিল্পকর্ম আর নানা ঢঙে আঁকা সরা বিক্রি করে।

প্রস্তুতির পাশাপাশি সে কাজেও শিক্ষার্থীদের একটি অংশকে ব্যস্ত থাকতে দেখা গেছে মঙ্গল শোভাযাত্রার আয়োজকদের।