শিক্ষা আইনে ‘নোট-গাইড’ বই প্রকাশে শাস্তির ধারা বাতিল চায় প্রকাশকরা
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) অনুমোদন ছাড়াই স্বাধীনভাবে সহায়ক বই প্রকাশ ও বাজারজাতকরণের দাবি জানিয়েছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি।
বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সমিতির নেতা আলমগীর সিকদার লোটন এ দাবি জানান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, “শিক্ষা আইনে নোট বই বা গাইড বইয়ের সংজ্ঞা কোনো প্রাসঙ্গিক বিষয় নয়। প্রস্তাবিত শিক্ষা আইনে নোট ও গাইড বইয়ের যে সংজ্ঞা দেওয়া আছে, সেটাও বাস্তবসম্মত নয়। এ জন্য নোট ও গাইড বইয়ের সংজ্ঞা এবং এর পরিপ্রেক্ষিতে শাস্তির যে ধারা আছে, তা বাতিল করতে হবে।
“বেসরকারি প্রকাশকরা যাতে স্বাধীনভাবে প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে সব ধরনের সহায়ক গ্রন্থ প্রকাশ ও বাজারজাত করতে পারেন, সে লক্ষে উপযুক্ত ধারা-উপ ধারা সমূহ সংশোধনপূর্বক বিশ্বমানের ও সমতাভিত্তিক এবং সহজলভ্য কিন্তু মানসম্মত শিক্ষাব্যবস্থা প্রণয়ন করার দাবি জানাচ্ছি।”
শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে শিক্ষা আইন-২০১৬ এর খসড়া প্রকাশ করা হয়েছে, যাতে ‘নোট ও গাইড বই’ এর সংজ্ঞায় বলা হয়- এনসিটিবি এবং প্রযোজ্য ক্ষেত্রে কারিগরী শিক্ষা বোর্ডের অনুমোদন ছাড়া যেসব বইয়ে পাঠ্যপুস্তকের বিষয়বস্তুর আলোকে শুধুমাত্র বিভিন্ন পরীক্ষার সম্ভাব্য প্রশ্নাবলীর উত্তর লিখা থাকে এবং যা অধ্যয়ন করলে শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বাধাগ্রস্ত হয় ও মূল পাঠ্যপুস্তক পাঠে উৎসাহ হারায় সেসব বই নোট ও গাইড বই হিসেবে বিবেচিত হবে।
সম্মেলনে সমিতির সহ-সভাপতি শ্যামল পাল কর্মসূচি ঘোষণা করে জানান, ১০ এপ্রিল বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মুখে কালো কাপড় বেঁধে নীরব প্রতিবাদ।
সেখানে দুপুর পর্যন্ত অবস্থান করে শেষে পদযাত্রা করে সচিবালয়ে গিয়ে শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হবে। একই সঙ্গে সারা দেশের শহীদ মিনারে কালো কাপড় বেঁধে প্রতিবাদ কর্মসূচি পালিত হবে।
এছাড়া আগামী ১৮ এপ্রিল সারা দেশে বইয়ের দোকান বন্ধ করে স্ব স্ব জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়।
এই সময়ের মধ্যে দাবি না মানলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান শ্যামল পাল।
সংবাদ সম্মেলনে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির পরিচালক (ইসি সদস্য) রতন চন্দ্র পাল, মির্জা আলী আশরাফ কাশেম, শামসুল ইসলাম বাহার উপস্থিত ছিলেন।
