২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আর্সেনিক নিয়ে এইচআরডব্লিউর ভিত্তিহীন প্রতিবেদন’

আর্সেনিক দূষণজনিত রোগে বাংলাদেশে কোনো মানুষ মারা যায়নি দাবি করে হিউম্যান রাইটস ওয়াচের এ সংক্রান্ত প্রতিবেদনকে ভিত্তিহীন বলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2016, 06:58 PM

Updated : 20 Aug 2022, 12:23 PM

সচিবালয়ে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, “একটা রিপোর্ট বের হয়েছে… বছরে ৪৩ হাজার লোক আর্সেনিকে আক্রান্ত হয়ে মারা যায়। এটা একটা অবাস্তব ও ভিত্তিহীন রিপোর্ট।

“কাজেই এই সংখ্যাকে রিজেক্ট করছি এবং প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশে আর্সেনিকে কেউ মার যায়নি। কোনো এনজিও এটা করিয়েছে।”

নিউ ইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বুধবার বাংলাদেশে আর্সেনিক সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশ করে জানায়, আর্সেনিক দূষণজনিত রোগে এখানে প্রতি বছর প্রায় ৪৩ হাজার লোক মারা যায়।

সাংবাদিকদের উদ্দেশ্যে মোশাররফ বলেন, “আপনারাও তো গ্রামে বাস করেন। আর্সেনিক পানি খেয়ে মরেছে এরকম একটা ঘটনা বলতে পারবেন?

“আমি নিজে সবচেয়ে দুযোগপূর্ণ এলাকার বাসিন্দা। ফরিদপুর আর্সেনিকে আক্রান্ত এলাকা। আমি সাত বছর ধরে নতুন একটা বাড়ি করেছি। সাত বছরে আর্সেনিকের কারণ কেউ মারা গেছে এমন দেখিনি।”

মন্ত্রী জানান, ১৯৯৭ সালে বাংলাদেশে আর্সেনিক সনাক্তের পরে ৫১ হাজার নলকূপের পানি পরীক্ষা করে দেখা গেছে, আর্সেনিক দূষণের হার ২৯ শতাংশ। ২০০০ সালে আর্সেনিক দূষণজনিত রোগীর সংখ্যা ছিল ৩৮ হাজার।

যেসব নলকূপের পানিতে খাওয়ার অনুপযোগী আর্সেনিকের মাত্রা ধরা পড়ে সেগুলোকে লাল রঙে চিহ্নিত করার কথাও তুলে ধরেন মন্ত্রী।

জনগণের জন্য সরকার গভীর নলকূপ ও সুপেয় পানির ব্যবস্থা করছে জানিয়ে মন্ত্রী বলেন, “বর্তমানে কেউ আর্সিনিকে আক্রান্ত নেই।

“কিছু কিছু বৃদ্ধ মানুষের হাতের আঙুলের ফাঁকে ফাঁকে শক্ত হয়ে যায়। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। নতুন করে আর্সেনিক আক্রান্ত মানুষের সন্ধান পাচ্ছি না।”

হিউম্যান রাইটস ওয়াচের রিুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, “খবরের কাগজে ছাপা হবে (প্রতিবাদ), টিভিতে আমার চেহারা দেখাবে, সরকার থেকেও বলব। তারপরেও তারা যদি এটাকে পুশ করতে চায় তাহলে আইন তার নিজস্ব গতিতে চলবে।”

পুরনো খবর:

‘আর্সেনিক থেকে ২ কোটি মানুষকে রক্ষায় সরকার ব্যর্থ’