২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবন্ধীদের কাজের সুযোগ করে দিতে কর্মসংস্থান মেলা

প্রতিবন্ধীদের উৎপাদনশীল কর্মকাণ্ডে নিয়োজিত করতে প্রথমবারের মতো কর্মসংস্থান মেলা করতে যাচ্ছে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি (বিপিকেএস) ও জব পোর্টাল ‘জবসবিডি’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2016, 06:20 PM

Updated : 20 Aug 2022, 12:23 PM

‘আমাদেরও আছে কাজ করার অধিকার’ প্রতিপাদ্য নিয়ে ২৩ ও ২৪ এপ্রিল রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এ কর্মসংস্থান মেলা হবে বলে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানান বিপিকেএস প্রধান নির্বাহী কে এম হাসান রিপন।

ঢাকা রিপোর্টারস ইউনিটিতে সংবাদ সম্মেলনে রিপন বলেন, “বাংলাদেশের প্রায় ২ কোটি ৪০ লাখ প্রতিবন্ধীকে উৎপাদনশীল কর্মকাণ্ডে নিয়োজিত করতে পারলে তারা বাংলাদেশের সামগ্রিক উন্নয়নকে ত্বরান্বিত করতে ভূমিকা রাখবে।

“সেই লক্ষে আমরা প্রথমবারের মতো কর্মসংস্থান মেলার আয়োজন করছি। মেলায় দেশের বিভিন্ন স্তরের প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। এছাড়া প্রতিবন্ধীদের ব্যবহারের প্রয়োজনীয় জিনিসপত্রও প্রদর্শন করা হবে।” 

মেলায় প্রায় ৫০টিরও বেশি প্রতিষ্ঠান প্রতিবন্ধীদের জন্য চাকরির সুযোগ দিতে অংশগ্রহণ করবে জানিয়ে তিনি বলেণ, “প্রতিবন্ধীদের মনোবল বৃদ্ধিতে মেলায় সভা সেমিনারও থাকবে, যেখানে দেশি-বিদেশি আলোচকরা বক্তব্য রাখবেন।” 

বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. আবদুস সাত্তার দুলাল জানান, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার এ কে এম ফজলুল হক, চাইল্ড অ্যান্ড ইয়ুথ ফাইন্যন্স ইন্টারন্যশনালের বাংলাদেশ প্রতিনিধি আমেনা হাসান এনা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।