টাঙ্গাইলে ‘অপহৃত’ স্কুলছাত্রী ঢাকায় উদ্ধার
টাঙ্গাইল থেকে ‘অপহরণের’ তিন মাস পর এক স্কুলছাত্রীকে ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
পিবিআইর ঢাকা মহানগর অঞ্চলের প্রধান বিশেষ পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানান, মঙ্গলবার রাতে উত্তরখান থানার মাদারবাড়ীর একটি বাসা থেকে মেয়েটিকে (১৫) উদ্ধার করা হয়।
তবে ওই সময় বাসায় কাউকে পায়নি পিবিআই।
আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৬ জানুয়ারি বিকালে প্রাইভেট পড়ে বাসায় ফেরার পথে একদল লোক মেয়েটিকে অপহরণ করে।
“এরপর অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে টাঙ্গাইল আদালতে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন মেয়েটির বাবা।”
পরে পিবিআই মামলার তদন্তের দায়িত্ব নিয়ে উদ্ধার অভিযানে নামে। মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ওই বাসায় অভিযান চালানো হয় বলে জানান তিনি।
পিবিআইর কর্মকর্তা বলেন, কারা অপহরণ করেছিল তাদের নাম জানা গেছে। অল্প সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে।
