২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেসিক ব্যাংক: অর্থ আত্মসাতের মামলায় জিএম কারাগারে

বেসিক ব্যাংক জালিয়াতির মামলায় ব্যাংকটির মহাব্যবস্থাপক (জিএম) জয়নাল আবেদীনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2016, 07:41 PM

Updated : 20 Aug 2022, 12:22 PM

মঙ্গলবার বিকালে তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে নিয়ে আসা হলে মহানগর হাকিম ইমদাদুল হক রিমান্ড শুনানির জন্য ১১ এপ্রিল দিন রেখে তাকে কারাগারে পাঠিয়ে দেন।

দুর্নীতি দমন কমিশন তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন সময় চেয়েছিল।

দুদকের প্রসিকিউশন বিভাগের কর্মকর্তা শহিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার দুপুরে দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি দল রাজধানীর মতিঝিল থেকে জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করে।

ব্যাংকটির সাড়ে চার হাজার কোটি টাকা জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগ অনুসন্ধান শেষে গত বছরের ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর মোট ৫৬টি মামলা করে দুদক।

গুলশান, পল্টন, মতিঝিল থানায় করা এসব মামলায় মোট ২ হাজার ৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

মামলার ১২০ আসামির মধ্যে বেসিক ব্যাংকের কর্মকর্তা ২৭ জন। গ্রেপ্তার জয়নাল আবেদীন এর মধ্যে কয়েকটি মামলার এজাহারভুক্ত আসামি।

এর আগে একই ঘটনায় ব্যাংকের দুই উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ফজলুস সোবহান ও মো. সেলিম, উপমহাব্যবস্থাপক শিপার আহমেদ, সহকারী মহাব্যবস্থাপক ইকরামুল বারী এবং তিন ব্যবসায়ীকে গ্রেপ্তার করে দুদক।

পুরনো খবর:

দুদকের হেফাজতে বেসিকের এজিএমসহ ৩ ব্যবসায়ী