দুদকের হেফাজতে বেসিকের এজিএমসহ ৩ ব্যবসায়ী
ঋণ কেলেঙ্কারির মামলায় রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) ইকরামুল বারী ও তিন ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
দুর্নীতি দমন কমিশনের হেফাজতের আবেদনের ওপর শুনানি নিয়ে বৃহস্পতিবার এই আদেশ দেন ঢাকার মহানগর হাকিম খোরশেদ আলম।
দুদকের আদালত কর্মকর্তা শহীদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেসিক ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক ইকরামুল বারীর তিনদিন হেফাজত মঞ্জুর করেছেন বিচারক।
এছাড়া এমারেল্ড ড্রেস লিমিটেডের মালিক সৈয়দ হাসিবুল গনিকে ১৬ দিন, এশিয়ান শিপিং বিডির মালিক মো. আকবর হোসেন এবং ফার্সি ইন্টারন্যাশনাল ট্রেডের ব্যবস্থাপনা পরিচালক ফয়জুন্নবী চৌধুরীকে তিনদিন করে হেফাজতে পেয়েছে দুদক।
বেসিক ব্যাংকের সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ কেলেঙ্কারির ঘটনায় দুদক যে ৫৬টি মামলা করেছে, তাতে আসামির তালিকায় এই চারজনের নাম রয়েছে।
গত ২৭ মার্চ দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে উত্তরা, বারিধারা, ধানমণ্ডি ও মোহাম্মদপুরে রাতভর অভিযান চালিয়ে এই চারজনকে গ্রেপ্তার করা হয়।
পরদিন তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর আগে সাত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৪৯ দিন হেফাজতের আবেদন করেছিল দুদক।
২০০৯ সালে বেসিক ব্যাংকের দিলকুশা, গুলশান ও শান্তিনগর শাখা থেকে প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ বিতরণে অনিয়মের অভিযোগ ওঠে।
এরপর প্রায় ৫ বছর পর ২০১৫ সালের সেপ্টেম্বরে মোট ১৬৫ জনকে আসামি করে রাজধানীর বিভিন্ন থানায় মামলাগুলো হয়। আসামিদের মধ্যে ২৬ জন ব্যাংক কর্মকর্তা।
