হাতিরঝিলের কুনিপাড়ায় পুড়েছে অর্ধশত ঘর
রাজধানীর হাতিরঝিল কুনিপাড়ায় আগুনে পুড়েছে অর্ধশত ঘর।
মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে হ্যাপী হোমসের বিপরীত দিকের একটি বাড়িতে আগুন লাগার পর তা ছড়িয়ে পড়ে আশপাশে।
এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার পর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোজাম্মেল হক ঘটনাস্থলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অগ্নিকাণ্ডে কারও হতাহতের খবর পাওয়া যায়নি।
আগুনে ৪০/৫০টি ঘর পুড়েছে জানিয়ে তিনি বলেন, বিদ্যুতের গোলযোগ কিংবা চুলা থেকে আগুন লেগে থাকতে পারে। তদন্ত না করে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।
আগুন লাগার পর ওই এলাকায় ভিড় জমে যায়। এজন্য কুনিপাড়া সড়ক বন্ধ করে দেওয়া হয় বলে জানান ট্রাফিক পুলিশের সার্জেন্ট ইবনে ফিরোজ।
৩৭ বছর ধরে কুনিপাড়া এলাকার বাসিন্দা মো. শামীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যেখানে আগুন লেগেছে সেই জায়গার মালিক কুনিপাড়ার রজনী হোটেলের মালিক তোফায়েল আহমেদ। তার পাশের আরেকটি জায়গার মালিক আওয়ামী লীগ নেতা ও ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শফিউল্লাহ শফি।
এই দুজনের জায়গায় ছোট ছোট অর্ধ শতাধিক ঘর ছিল জানিয়ে শামীম বলেন, “আগুনে এসব মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সরকার যদি ক্ষতিপূরণ দিত, গরিব মানুষগুলো কিছুটা হলেও বাঁচার আশা পেত।”
আগুনে ঘর হারানো শিমু নামে এক নারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোলের শিশুকে নিয়ে বেরিয়ে এসেছিলেন তিনি। ঘর থেকে কিছুই বের রতে পারেননি।
“আগুনে টেলিভিশন, খাট, আলমারিসহ সব পুড়ে ছাই হয়ে গেছে,” বলেন সাত বছর ধরে তিন হাজার টাকা ভাড়ায় স্বামী শাহিনকে নিয়ে ওই ঘরে থাকা এই নারী।
শিমুর পাশেই দাঁড়িয়ে চোখ মুছছিলেন ঘর হারানো গৃহিনী শাহিদা বেগম। ৩২শ টাকা ভাড়ায় তিনিও প্রায় আট বছর ধরে এক রুম ভাড়া নিয়ে থাকতেন।
আগুন থেকে বাঁচলেও মাথা গোঁজার ঠাঁই নিয়েই উদ্বিগ্ন দেখা গেছে ঘরপোড়া মানুষগুলোকে।
