২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষায় সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র এমওইউ সই হবে

শিক্ষাখাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করবে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2016, 07:16 PM

Updated : 20 Aug 2022, 12:22 PM

সচিবালয়ে মঙ্গলবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, সাক্ষাৎকালে তারা দুটি বন্ধুপ্রতীম দেশের মধ্যে শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে অত্যন্ত আন্তরিক পরিবেশে আলোচনা করেন।

শিক্ষামন্ত্রী বাংলাদেশে শিক্ষার উন্নয়নে গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরলে বার্নিকাট এর প্রশংসা করেন।

“রাষ্ট্রদূত সব শিশুকে স্কুলে নিয়ে আসা, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ছাত্র-ছাত্রীর সংখ্যাগত সমতা অর্জন, কারিগরি শিক্ষার আধুনিকায়নসহ শিক্ষাখাতের সাফল্যে বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানান।”

বাংলাদেশের শিক্ষাখাতের অগ্রগতি অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্র সব ধরনের সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন বার্নিকাট।

এছাড়া উচ্চ শিক্ষা, গবেষণা, শিক্ষক প্রশিক্ষণ ও কারিগরি শিক্ষায় সহযোগিতার বিষয়েও শিক্ষামন্ত্রী মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা করেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অরুনা বিশ্বাস, হেলাল উদ্দিন ও চৌধুরী মুফাদ আহমেদ এবং ঢাকায় আমেরিকান সেন্টারের পরিচালক অ্যান ব্যারোস ম্যাককনেল এ সময় উপস্থিত ছিলেন।