২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪০ মুক্তিযোদ্ধার নাম গেজেটভুক্ত না করা কেন অবৈধ নয়

পাবনার সুজানগর উপজেলার ৪০ জন মুক্তিযোদ্ধার নাম চূড়ান্ত গেজেটে অন্তর্ভুক্ত না করা কেন অবৈধ হবে না এবং তাদের নাম গেজেটভুক্ত করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছে হাই কোর্ট।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2016, 05:12 PM

Updated : 20 Aug 2022, 12:22 PM

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. খসরুজ্জামানের বেঞ্চ এ রুল দেয়।

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়কে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তৌফিক ইনাম টিপু, সঙ্গে ছিলেন ব্যারিস্টার গালিব আমিদ। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

পরে ব্যারিস্টার তৌফিক ইনাম টিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০৪ সালের ২৬ নভেম্বর সুজানগর উপজেলার ৭০ জন সাময়িক সনদপ্রাপ্ত ও ভারত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধার নাম সরকার কর্তৃক গঠিত ‘জেলা যাচাই-কমিটি বাছাই কমিটি’ প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভূক্তির অনুমোদন ও সুপারিশ করে মন্ত্রণালয়ে চিঠি দেয়।

এদের মধ্যে থেকে ১৬ জনকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ২০১১ সালের ১৮ সেপ্টেম্বর গেজেটভুক্ত করে। গেজেটে বাদ পড়াদের মধ্যে ৪০ মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের ওই সিদ্ধান্তে সংক্ষুব্ধ হয়ে গত ৩ এপ্রিল রিট করেন।