২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন নিহত ব্যবসায়ীর দ্বিতীয় স্ত্রীর

রাজধানীর কদমতলীতে নিহত ব্যবসায়ী আবু জাফর হত্যার বিচার ও নিজের জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন তার দ্বিতীয় স্ত্রী মোসাম্মত হালিমা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2016, 01:36 AM

Updated : 20 Aug 2022, 12:22 PM

সোমবার ঢাকায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে ওই সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত বছরের ২৯ জুন কদমতলীতে খুন হন ব্যবসায়ী আবু জাফর।

ওই ঘটনায় তার বড় ভাই সিদ্দিকুর রহমান আজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে কদমতলী থানায় হত্যা মামলা করেন। পরবর্তীতে পুলিশ নিহতের প্রথম স্ত্রী নূরজাহান বেগমকে আটক করে।

আবু জাফর ১৪ বছর সিঙ্গাপুরে থাকার পর বাংলাদেশে এসেছিলেন। বাবা-মার অনুমতি নিয়ে হালিমাকে বিয়ে করেছিলেন বলে সংবাদ সম্মেলনে দাবি করেন তিনি।

হালিমা জানান, নূরজাহান গ্রেপ্তার হওয়ায় পর কদমতলীর মেরাজনগরের বি ব্লকের আবু জাফরের সাততলা ভবনের চতুর্থ তলায় বসবাস করা শুরু করেন তিনি। ফ্লোরের একটি ফ্লাট থেকে এক মাস ছয় হাজার টাকা ভাড়াও তুলেছিলেন। তবে নূরজাহান জামিনে বেরিয়ে ভাড়া তাকে দিতে ভাড়াটিয়াদের নিষেধ করেন।

“এখন নূরজাহান ও সিদ্দিক আপস করেছে। নূরজাহান সাততলা ভবনের পাশে আড়াই কাঠা জায়গা লিখে দেওয়ার কথা দেওয়ার পর সিদ্দিক গত ৩০ মার্চ আমার বাসায় গিয়ে হামলা করে মালামাল লুট করে আমাকে বাসা থেকে বের করে দেয়,” বলেন হালিমা।

জানতে চাইলে সিদ্দিকুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার ভাই মারা গেছে। ভাইয়ের মৃত্যুর পর তার দুই স্ত্রী সম্পত্তি পেতে মরিয়া হয়ে উঠেছে। পরস্পরের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ করছেন। তাদের কারণেই আমার ভাইকে খুন হতে হয়েছে।”

আবু জাফরের হত্যা মামলাটি এখন তদন্ত করছে সিআইডি। নূরজাহান আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিকে স্বামীকে হত্যার কথা স্বীকার করেছেন বলে দাবি করেন সিদ্দিকুর।

নূরজাহান সন্তান প্রসব করেছেন আরও দুই সন্তান আছে দাবি করে জামিন নেন দাবি করে সিদ্দিক বলেন, “আমার ভাই মারা গেছে। আমি কেন তার হত্যা মামলা নিয়ে আপস করব। আমি কেন কাউকে মারধর করে বাসা থেকে বের করে দেব। আমি তো হত্যার বিচার চাই।”

অপরাধীরা আইনের আওতায় আসবে বলে আশা প্রকাশ করেন নিহত জাফরের ভাই সিদ্দিক।

কদমতলী থানার ওসি ওয়াজেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্যবসায়ী আবু জাফর হত্যার ঘটনাটি এখন সিআইডি তদন্ত করছে।

স্বামীর বাসা থেকে হালিমাকে মারধর করে তাড়িয়ে দেওয়ার প্রসঙ্গে জানতে চাইলে ওসি ওয়াজেদ বলেন, “আদালতে করা এক মামলায় পাঁচদিন কারাগারে ছিলেন হালিমা। কারাগার থেকে বের হওয়ার পর তিনি দেখেন চারতলার ফ্লাটটি তালাবদ্ধ।

“পুলিশ সহযোগিতা করে তাকে ওখানে বসবাসের সুযোগ করে দিয়েছে। তিনি এখনও ওই বাসাতেই আছেন।”

জানতে চাইলে হালিমা বলেন, “আমি নাকি গুলিস্তানে এক লোককে মারধর করে তার সবকিছু নিয়ে গিয়েছি- এই মিথ্যা অভিযোগে নূরজাহান ষড়যন্ত্র করে আদালতে একটি মিথ্যা মামলা করায়।

“আমি ওই মামলায় পাঁচদিন কারাগারে ছিলাম। এরপর বোনের বাসা থেকে স্বামীর বাসায় গেলে সেখানে আমার ভাসুর সিদ্দিকুর বাসায় ঢুকে আমাকে মারধর করে। বাসার মালামাল নিয়ে যায়।

“নিরাপত্তাহীনতায় ভুগছি বলে ওই বাসার পাশে বোনের বাসায় আছি। ওই বাসার তালার চাবি এখনও আমার কাছে আছে।”