২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুয়াজ্জিন বিল্লালের উপর হামলা হয়েছিল আগেও

পুরান ঢাকার ইসলামপুরের ঝব্বু খানম মসজিদের মুয়াজ্জিন বিল্লাল হোসেনের উপর এক বছর আগেও দুর্বৃত্তরা হামলা চালিয়েছিল বলে মসজিদ সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কামাল হোসেন তালুকদার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2016, 12:44 AM

Updated : 11 Oct 2022, 08:03 PM

পুরনো খবর:

পুরান ঢাকার মসজিদে মুয়াজ্জিন খুন

তবে কী কারণে এবং কারা হামলা করেছিল তার কোনো কারণ তারা বলতে পারছেন না।

সোমবার ভোরে ওই মসজিদের দোতলা ও তিনতলার মাঝের সিঁড়ি থেকে বিল্লালের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। দুর্বৃত্তরা তার হাত বেঁধে ‘ছুরি মেরে’ হত্যা করে।

কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশন) মো. মওদুদ হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিল্লালের বুকে তিনটি এবং পেটে ও হাতে একটি করে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

ওই মসজিদের ইমাম হাফেজ তাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে বলেন, “সঠিক তারিখ বলতে পারব না, তবে গত ১৫ রমজানে তৃতীয় তলায় তার কক্ষে ঢুকে বিল্লালকে মারধর করেছিল। হামলাকারীদেরকে সে চিনতে পারেনি বলে আমাদের জানিয়েছিল।”

এ ঘটনায় কোতয়ালি থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছিলেন বিল্লাল।

১৯৭৩ সাল থেকে এই মসজিদের চাকরি নেওয়া তাজুল জানান, বিল্লাল চাকরি নেন ১৯৮৭ সালে।

Image
মুয়াজ্জিন বিল্লাল হোসেনকে ছুরি মেরে হত্যার পর বন্ধ পুরান ঢাকার ইসলামপুরের ঝব্বু খানম জামে মসজিদের ফটক। ছবি: তানভীর আহাম্মেদ

মুয়াজ্জিন বিল্লাল হোসেনকে ছুরি মেরে হত্যার পর বন্ধ পুরান ঢাকার ইসলামপুরের ঝব্বু খানম জামে মসজিদের ফটক। ছবি: তানভীর আহাম্মেদ

ওয়াকফ লিল্লাহ করা এই মসজিদটি একশ বছরের পুরনো। আগে দোতলা ছিল। পরে ২০০৭ সালে পুরনো মসজিদটি ভেঙে নির্মিত হয় নতুন চারতলা ভবন, যার দ্বিতীয় তলা থেকে চতুর্থ তলা পর্যন্ত মসজিদ, আর একতলা ও আন্ডার গ্রাউন্ডে মোট ৩০টি দোকান ও গুদাম রয়েছ।

ঝব্বু মসজিদের মোতোয়ালি খাজা মাহমুদ হাসান বলেন, দোকানগুলো থেকে ৪০ হাজার টাকা ভাড়া উঠে আর প্রতি শুক্রবার জুম্মার নামাজের সময় প্রায় তিন/চার হাজার টাকা করে উঠে। টাকা বিল্লালের কাছেই থাকত।

“তবে ইমাম, খতিব, তিন মোয়াজ্জিন ও সুইপারকে মাসিক বেতন দেওয়ার পর তেমন একটা টাকা থাকে না,” বলেন মোতোয়ালি খাজা মাহমুদ।

চাচার সঙ্গে মোতোয়ালির দায়িত্ব পালনকারী খাজা আফসার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত রমজানে বিল্লালের কক্ষে ঢুকে তার চোখ বেঁধে কয়েকজন দুর্বৃত্ত মারধর করেছিল।

বিল্লালকে মার্কেটের ও আশপাশের সবাই ভালোবাসতো জানিয়ে তিনি বলেন, প্রায় ২৯ বছর ধরে তিনি এখানে কাজ করেন। তবে কে তাকে হত্যা করতে পারে তার কোনো ধারণা তাদের নেই।

মসজিদ নিয়ে কারও সঙ্গে বিরোধও নাই বলে খাজা আফসার জানান।

ওই মসজিদের খতিব আনোয়ারুল হক বলেন, তিনি বুধ ও শুক্রবার জুম্মার নামাজের সময় আসেন। তার বাসা পুরান ঢাকার শহীদ নগরে।

মসজিদের তৃতীয় তলার একটি কক্ষে থাকেন বিল্লাল, আরেকটি কক্ষে থাকে কনিষ্ঠ মুয়াজ্জিন হাবিব ও মোশারফ। হাবিব ছুটিতে থাকায় বুধবার রাতে মোশারফ একাই তার কক্ষে ঘুমিয়েছিলেন।

মোশারফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতি রোববার বিল্লাল হুজুর জিন্দবাহারের এক মসজিদে তফসির করতেন। রোববারও এশার নামাজের পর আমাকে বলেন, তাফসিলে যাব কি না? আমি না বলায় আমাকে ঘুমিয়ে থাকতে বলেন তিনি।”

তফসির শেষে মুয়াজ্জিন বিল্লাল কখন ফিরেছেন, তা জানেন না বলে জানান মোশারফ।

তবে বিল্লাল ফেরার সময় মসজিদের পাশের একটি মার্কেটে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলার শেষে কয়েক ওভার দেখেছেন বলে জানান ওই মার্কেটের এক দোকানদার।

তার ধারণা, খেলা শেষে মসজিদে ঢোকার সময় খুনিরা বিল্লালের সঙ্গে ঢুকেছিল এবং খুনিরা পূর্ব পরিচিত।

মসজিদের ইমাম বলেন, “সকালে দ্বিতীয় তলার মসজিদের ঢুকে দু’রাকাত নামাজ পড়ার পর দেখি বিল্লাল মুয়াজ্জিন নেই। তার (বিল্লাল) কী হয়েছে জানতে তৃতীয় তলায় উঠার সময় সিঁড়িতে মৃতদেহ দেখতে পাই।”

ওই সময় মসজিদের চার/পাঁচজন মুসল্লি ছিল বলে তিনি জানান।

কোতোয়ালি থানার ওসি আবুল হাসান বলেন, “আগেরবার হামলার ঘটনায় বিল্লাল থানায় কোনো জিডি করেছিল কি না, তা এই মুহূর্তে মনে নেই। তবে জিডি হলে অবশ্যই কোনো অফিসারকে দায়িত্ব দিয়েছি তদন্ত করতে।”

হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তিনি বলেন, ‍“মার্কেটের টাকা-পয়সা সবকিছু বিল্লালই দেখতেন। তবে হত্যাকাণ্ডের পর তার কক্ষ তালা মারা ছিল এবং ভেতর থেকে কিছু খোয়া গেছে বলে মনে হচ্ছে না।”

বিল্লালের ছেলে ইয়াসিন অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে একটি মামলা করেছেন বলে ওসি জানান।

ছেলে ইয়াসিনও বাবার হত্যাকাণ্ড সম্পর্কে কোনো ধারণা দিতে পারেননি।

এদিকে ময়নাতদন্তের পর নিহতের মৃতদেহ তার গ্রামের বাড়ি মানিকগঞ্জে নেওয়া হয়।