ইউরোপে অবৈধ ‘৮০ হাজার বাংলাদেশি’
ইউরোপের বিভিন্ন দেশে প্রায় ৮০ হাজার অবৈধ বাংলাদেশি রয়েছে বলে সরকারকে জানানো হয়েছে।
তাদের ফেরানোর বিষয়ে কথা বলতে সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে দেখা করে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ একটি প্রতিনিধি দল।
বিকালে নিজের কার্যালয়ে তাদের সঙ্গে বৈঠকের পর মন্ত্রী সাংবাদিকদের বলেন, “তাদের হিসাব অনুযায়ী প্রায় আড়াই লাখ বাংলাদেশি সেখানে (ইউরোপে) আছে এবং প্রায় ৮০ বাংলাদেশি অবৈধ হয়ে গেছে।
“তারা বলেছেন, হয় ভিসার মেয়াদ শেষ হয়েছে, না হয় ছাত্রত্ব শেষ হয়েছে, এরকম বিভিন্ন কারণে এরা অবৈধ হয়েছে। তাদের কীভাবে ফেরত আনা যায়,সে নিয়ে কথা বলাই ছিল তাদের মূল উদ্দেশ্য।”
ইইউ প্রতিনিধি দলের বক্তব্য শোনার পর ‘অবৈধ বাংলাদেশিদের’ তালিকা দিতে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।
“তালিকা পাওয়ার পর আমরাও দেখব কীভাবে আনব এবং কেন গিয়েছেন তারা,” বলেন আসাদুজ্জামান কামাল।
তিনি বলেন, “আমরা বলেছি, আপনারা ৮০ হাজার নিয়ে সমস্যা ফেইস করছেন, আর আমরা ৫ লাখ রোহিঙ্গা ফেইস করছি, আরও প্রায় দুই লাখ পাকিস্তানি রিফিউজি আছে এখানে।
“আপনারা একটি অনুরোধ নিয়ে এসেছেন। আপনারাও আমাদের একটু সাহায্য করেন, কীভাবে রোহিঙ্গাদের ও পাকিস্তানিদের ফেরত পাঠানো যায়।”
ইইউর দেওয়া ৮০ হাজার সংখ্যাটিও আনুমানিক বলে জানান মন্ত্রী। তালিকা কখন পাওয়া যাবে, তার কোনো সুনির্দিষ্ট সময় নির্ধারণ হয়নি বলে জানান তিনি।
অবৈধদের কারণে বৈধ পথে ইউরোপ যাওয়ায় কোনো জটিলতা হবে কি না- সাংবাদিকদের এই প্রশ্নে তিনি বলেন, “না, কোনো প্রভাব ফেলবে না। তারাও (ইইউ) বলে গেছেন, এদেরকে ফেরত পাঠাবে মানে পুনরায় প্রবেশের পথ বন্ধ হওয়া বোঝায় না।”
এদেরকে কি বৈধ করা যায় কি না- জানতে চাইলে মন্ত্রী বলেন, ইইউ প্রতিনিধি দল এ বিষয়ে যতটুকু সম্ভব সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে।
এদিকে ইইউর অভিবাসী নিয়ন্ত্রণ পরিকল্পনার অংশ হিসেবে গ্রিস থেকে প্রথম দফায় যে দুই শতাধিক জনকে তুরস্কে ফেরত পাঠানো হয়েছে, তার মধ্যে বাংলাদেশিও রয়েছে বলে বিবিসি সোমবার জানিয়েছে।
তবে ২০২ জনের মধ্যে কতজন বাংলাদেশি, সে বিষয়ে কোনো তথ্য বিবিসি দেয়নি। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, এদের অধিকাংশই পাকিস্তানি। এছাড়া বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মরক্কোর নাগরিক রয়েছে।
