২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশের সব দূতাবাসে প্রেস উইং চালুর সুপারিশ

বিদেশে বাংলাদেশের সব দূতাবাসে ‘আবশ্যিকভাবে’ প্রেস উইং চালু করার সুপারিশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2016, 08:33 PM

Updated : 20 Aug 2022, 12:22 PM

সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠক থেকে এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, প্রেস উইং চালু করার পাশাপাশি গণমাধ্যমের কাজে দক্ষ ও সক্ষম এমন কর্মকর্তাদেরকে তথ্য মন্ত্রণালয় থেকে নিয়োগ দেওয়ার সুপারিশ করা হয়।

বৈঠকে মিশনগুলোতে নিয়োগ করা সব কর্মকর্তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োজিত করে তাদের তত্ত্বাবধানের দায়িত্ব রাষ্ট্রদূতকে দেওয়ার সুপারিশ করা হয়।

এছাড়া মিশনগুলোতে সাংস্কৃতিক কেন্দ্র চালুর মাধ্যমে দেশের শিক্ষা, সংস্কৃতি, কৃষ্টি  তুলে ধরার জন্য মন্ত্রণালয়কে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়।

২০০৯-২০১৩ মেয়াদে বিভিন্ন দেশে ১০টি নতুন মিশন খোলা হয়েছে বলে বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়।

মিশনগুলো হলো- এথেন্স (গ্রিস), মিলান (ইতালি), ইস্তাম্বুল (তুরস্ক), মেক্সিকো সিটি (মেক্সিকো), লিসবন (পর্তুগাল), ব্রাসিলিয়া (ব্রাজিল), পোর্ট লুইস (মরিশাস), কুনমিং (চীন), মুম্বাই (ভারত) এবং বৈরুত (লেবানন)।

এছাড়া ২০১৪ থেকে চলতি বছর পর্যন্ত অস্ট্রিয়ার ভিয়েনা, পোল্যান্ডের ওয়ারশ, ডেনমার্কের কোপেনহেগেন এবং  ইথিওপিয়ার আদ্দিস আবাবা- এই চারটি নতুন মিশন খোলা হয়েছে।

এছাড়াও নয়টি নতুন মিশন চালুর অনুমোদন প্রক্রিয়াধীন রয়েছে বলেও বৈঠকে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ সময় বৈঠকে মিশনগুলোর জনবল সমস্যাসহ অন্যসব চিহ্নিত করে পরবর্তী বৈঠকে একটি প্রতিবেদন উপস্থাপনের সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি দীপু মনির সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, মুহাম্মদ ফারুক খান, কাজী নাবিল আহমেদ, সোহরাব উদ্দিন এবং মাহজাবিন খালেদ অংশ নেন।