২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নারী প্রধানমন্ত্রীও ব্যর্থ নারীর নিরাপত্তা দিতে’

কলেজছাত্রী সোহাগী জাহান তনুকে ধর্ষণ ও হত্যার তদন্তে ১৩ দিনেও অগ্রগতি না হওয়ায় সরকারের উচ্চ পর্যায় থেকে সংশ্লিষ্ট সব পক্ষের ওপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া এসেছে দেশজুড়ে আলোচিত এই হত্যার বিচার দাবিতে আয়োজিত এক সমাবেশ থেকে।   

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2016, 07:26 PM

Updated : 11 Oct 2022, 08:02 PM

রোববার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যে এই ছাত্র সমাবেশ হয়। সাধারণ সাধারণ ছাত্র-ছাত্রীবৃন্দের ব্যানারে এ সমাবেশ হলেও শিক্ষক এবং বিভিন্ন ছাত্র ও গণসংগঠনের নেতারা সেখানে সংহতি প্রকাশ করেন।

সমাবেশে বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের ঢাকা মহানগর শাখার সভাপতি অলিক ম্রি বলেন, “যে দেশের প্রধানমন্ত্রী নারী, স্পিকার নারী, সংসদে বিরোধীদলীয় নেত্রী নারী, আরেকটি বড় দলের নেত্রী নারী, সে দেশের প্রধানমন্ত্রী নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন।

“এ কারণে ক্যান্টনমেন্টের সুরক্ষিত স্থানেও ধর্ষণ ও খুনের ঘটনা ঘটেছে। আমাদের লাল-সবুজ পতাকা এখন আর লাল-সবুজ নেই; সেটা এখন রক্তে রঞ্জিত হয়ে গেছে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ফাহমিদুল হক বলেন, “ঘটনার ১৩ দিন অতিবাহিত হলেও এখন পর‌্যন্ত তেমন কোনো অগ্রগতি হয়নি। মরদেহ পুনরায় উঠিয়ে ময়নাতদন্ত করা বিচারের কোনো লক্ষণ নয়।

“এ ধরনের ঘটনায় পাঁচ থেকে সাতদিন পর আলামত নষ্ট হয়ে যায়। তাহলে এখন তুলে (লাশ) কী উপকার হবে? তাহলে কি প্রথমবারের ময়নাতদন্তে গুরুত্বহীনতা ছিল।”

সব প্রমাণ থাকার পরও পহেলা বৈশাখের ঘটনার কোনো বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “দোষী যেই হোক, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হোক, আমরা সেটাই চাচ্ছি।”

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক সামিনা লুৎফা বলেন, “প্রথমদিকে সংবাদমাধ্যম ও রাষ্ট্রযন্ত্র চুপচাপ ছিল কেন? বাংলাদেশের নারীরা যখন সকল ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখছে, তখনই পুরুষতন্ত্র এটিকে ভয় পাচ্ছে। তাই তারা ধর্ষণের রাস্তাকে বেছে নিয়েছে।”

ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আক্তার বলেন, “নারীকে যতদিন তার যথাযোগ্য সম্মান দেওয়া না হবে, ততদিন এ ধরনের ঘটনা চলতে থাকবে।

“সুরক্ষিত জায়গায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ধামাচাপা না দিলে এটা মুহূর্তের মধ্যে বের করে আনা সম্ভব। তাহলে কেন বের করে আনা হচ্ছে না। এ ঘটনার বিচার যতদিন না হবে, ততদিন আন্দোলন চালিয়ে যেতে হবে।”

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ফাতেমাতুজ জোহরা বলেন, “আমিও তো মেয়ে, আমাকেও রাস্তায় বের হতে হয়। তাহলে যে কোনো সময় আমার উপর আঘাত আসবে, আর প্রশাসন আমার ব্যাপারটিও এভাবে দেখবে। তনুর ঘটনা একজন নারী হিসাবে আমাকে আতঙ্কিত করে তুলেছে।

“তারা কোন গোত্রের, কোন প্রতিষ্ঠানের সেটা আমরা ভাবছি না, আমরা ভাবছি, তনুকে হত্যা ও ধর্ষণের সঙ্গে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনা হোকভ”

বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি সালমান রহমান বলেন, “সেনানিবাসের মধ্যে হত্যা-ধর্ষণের ঘটনা ঘটেছে, আর সেনাবাহিনী হত্যাকারীদের খুঁজে পায় না- সেটা আমরা বিশ্বাস করি না। আসল ঘটনা হচ্ছে, তারা চাচ্ছে না ঘটনা প্রকাশ পাক। কেননা তা প্রকাশ পেলে থলের বিড়াল বেরিয়ে আসবে।”

Image
শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীরাই নয়, সোহাগী জাহান তনুর জন্য সারা বাংলাদেশেই মানুষ নেমেছিল রাজপথে।

শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীরাই নয়, সোহাগী জাহান তনুর জন্য সারা বাংলাদেশেই মানুষ নেমেছিল রাজপথে।

শিক্ষার্থীদের মধ্যে চারুকলা অনুষদের জাহিদ হোসেন নোবেল, পদার্থবিজ্ঞান বিভাগের নাইম মোহাম্মদ খাদেম, আইন অনুষদের আশরাফুল হক ইশতিয়াক, সমাজবিজ্ঞানের তারেক আহমেদও বক্তব্য দেন।

সমাবেশে অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. তানজিমউদ্দিন খান, মোহাম্মদ আজম, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অভিনু কিবরিয়া ইসলাম, জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক টিপু বিশ্বাস, শ্রমজীবী সংঘের সভাপতি আবদুল আলী, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের আহ্বায়ক মাসুদ খান, নারী সংহতির নেত্রী নাসরিন জাহান সুমী, সমগীতের ধীমান সরকার, হিল উনমেন্স ফেডারেশন সভাপতি নিরুপা চাকমা, সমাজকর্মী মিজানুর রহমান, সরকার আল ইমরান যুগ্ম-আহ্বায়ক ছাত্র ঐক্য ফোরাম সংহতি প্রকাশ করেন।

ছাত্র নেতাদের মধ্যে বক্তব্য দেন ছাত্র ফেডারেশনের সভাপতি সৈকত মল্লিক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (মার্ক্সবাদী) সাধারণ সম্পাদক স্নেহার্দ্রী চক্রবর্তী রিন্টু, ছাত্র ফ্রন্টের (খালেকুজ্জামান) সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, ছাত্র গণমঞ্চের সভাপতি সাঈদ বিলাস, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক বিপুল চাকমা ও বিপ্লবী ছাত্রমৈত্রীর যুগ্ম-আহ্বায়ক ইকবাল কবির।