২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরীক্ষা কক্ষে ঢুকলেন না শিক্ষামন্ত্রী

পরীক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনায় নিয়ে এবার আর সদলবলে এইচএসসির পরীক্ষার কক্ষে ঢোকেননি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, হলের বারান্দা দিয়ে হেঁটেই ‘পরিদর্শন’ সেরেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2016, 01:18 PM

Updated : 11 Oct 2022, 08:02 PM

পুরনো খবর:

এটি একটি পরীক্ষা কেন্দ্র
উচ্চ মাধ্যমিকে বসেছে ১২ লাখ শিক্ষার্থী
এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ১২৮৮৭, বহিষ্কার ৪৩

রোববার এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন কর্মকর্তাদের নিয়ে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে যান নাহিদ।

বারান্দা দিয়ে হেঁটে হেঁটে পরীক্ষার্থীদের খোঁজ খবর নিয়ে পরে তিনি বলেন, গণমাধ্যমের সংখ্যা বেড়ে যাওয়ায় আগের মতো আর তিনি পরীক্ষার কক্ষে ঢুকবেন না।

আগে প্রতিটি পাবলিক পরীক্ষার সময় মন্ত্রীকে কেন্দ্রে ঢুকে শিক্ষার্থীদের খোঁজ খবর নিতে দেখা গেছে। কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরাও তার সঙ্গে পরীক্ষা কক্ষে ভিড় করায় সমালোচনার মুখে পড়তে হয়েছে নাহিদকে।

মন্ত্রীদের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকে ‘বহুকালের প্রচলিত রেওয়াজ’ হিসেবে অভিহিত করে তিনি সাংবাদিকদের বলেন, “আমরা (পরীক্ষার) হলে হলে যাই, ভেতরে ঢুকি, দেখি।

“আগে মিডিয়ার সংখ্যা এতো ছিল না। দুই, চার, পাঁচ, দশজন ছিল, চোখে লাগত না, ভাগ করে গেলে আর সমস্যা হতো না।”

নাহিদ বলেন, “আমরা যখন ভেতরে ঢুকি, আমরা যদি ৫০ জন লোক ঢুকি আর যদি ৫০ জন ছাত্র থাকে… তারা স্বাভাবিকভাবেই বিরক্ত হবে, তাদের মন অন্য দিকে যেতে পারে।

“এতো উত্তেজনার মধ্যে পরীক্ষা দিচ্ছে, আমরা যদি সবাই ঢুকি, তবে তাদের মধ্যে প্রভাব পড়তে পারে। মিডিয়ার সংখ্যা বৃদ্ধির কারণে আগের মতো এটা করা সম্ভব না। যুগ পাল্টে গেছে, জগৎ পাল্টে গেছে। আমাদের এটা বাস্তবতার সাথে নিতে হবে।”

তবে সাংবাদিকরা পরীক্ষা কেন্দ্র থেকে প্রয়োজনমত ছবি ও তথ্য নেওয়া ছাড়াও কেন্দ্র সচিবের সঙ্গে কথা বলতে পারবেন বলে জানান শিক্ষামন্ত্রী।

“আমি বারান্দা দিয়ে হেঁটে গেছি। কোনো কোনো রুমের শিক্ষকদের বাইরে ডেকে এনে জিজ্ঞেস করেছি- কোথাও কোনো কমপ্লেইন আছে কি না?”

নাহিদ বলেন, শিক্ষকরা তাকে জানিয়েছেন, ওই কেন্দ্রের কোনো শিক্ষার্থী কোনো অভিযোগ করেনি, সবাই খুশি।

“দীর্ঘ দিনের রেওয়াজ ভেঙে এইবার আমরা পরীক্ষার হলের মধ্যে না ঢুকে তথ্য সংগ্রহ করলাম, জানবার চেষ্টা করলাম। প্রস্তুতি অনুসারে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবেই পরীক্ষা হচ্ছে।”

সকাল সাড়ে ৯টায় সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রের সামনে যান শিক্ষামন্ত্রী। আঘঘণ্টার বেশি সময় তিনি অপেক্ষমান অভিভাবকদের সঙ্গে কথা বলেন।

দেশের দুই হাজার ৪৫২টি কেন্দ্রে রোববার একযোগে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, যাতে ১২ লাখের বেশি শিক্ষার্থী অংশ নিচ্ছে।

৯ জুন তত্ত্বীয় অংশের পর ১১ থেকে ২০ জুনের মধ্যে ব্যবহারিকের মধ্য দিয়ে শেষ হবে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা।