ইউপি ভোটে ঢাবি ছাত্রের মৃত্যু: শাহবাগে সহপাঠীদের অবরোধ
মাদারীপুর সদর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুলিশের গুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সুজন মৃধার মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করেছে তার সহপাঠীরা।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী অবরোধের সময় সুজনের বিরুদ্ধে পুলিশের করা ‘ব্যালট বাক্স ছিনতাইয়ের’ অভিযোগ নাকচ করে তাকে ‘খুব কাছে’ থেকে গুলি করার অভিযোগ আনেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অবরোধকারী শিক্ষার্থীরা।
শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, সন্ধ্যা ৬টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয় সুজনের সহপাঠীরা জড়ো হয়। পরে সাড়ে ৬টার দিকে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী শাহবাগ মোড়ে এসে সড়ক অবরোধ করে।
তবে প্রায় ঘণ্টাখানেক অবরোধের পর সন্ধ্যা সোয়া ৭টার দিকে অবরোধকারীরা নিজেরাই রাস্তা ছেড়ে দেয়।এরপর শাহবাগ থানার মূল ফটকের সামনে ১০ মিনিটের মতো অবস্থান নিয়ে শ্লোগান দেওয়ার পর চলে যায় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
গত ৩১ মার্চ ইউপি নির্বাচনের দ্বিতীয় ধাপের মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বিরাঙ্গল গ্রামে ভোটগ্রহণ হয়। ওইদিন বিকালে ভোট গণনার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সুজন মৃধা মারা যান।
সুজন দক্ষিণ বিরাঙ্গল গ্রামের বাচ্চু মৃধার ছেলে।
সুজনের দাদা মোতালেব মৃধা ওই ওয়ার্ডের সদস্য পদে নির্বাচন করায় ভোট দিতে এলাকায় গিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র। ভোট গণনা নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে পুলিশের গুলিতে সুজন মারা যান বলে সুজনের পরিবারের সদস্যদের অভিযোগ।
সুজনের চাচা ফারুক মৃধা ঘটনার দিন বলেছিলেন, ‘ভোট গণনার সময় দুই সাধারণ সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে পুলিশ গুলি ছুড়লে সুজন নিহত হয়।’
তবে মাদারীপুর সদর মডেল থানার ওসি জিয়াউল মোর্শেদ সাংবাদিকদের বলেন, ‘দক্ষিণ বিরাঙ্গল মাদ্রাসা কেন্দ্রে ভোট শেষে পুলিশ ব্যালট বাক্স নিয়ে যাওয়ার সময় একটি বস্তা নিয়ে দৌড় দেয় সুজন। ‘তখন পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। তারপরও সে না থামলে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’
মৃধার সহপাঠী মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিবাচনের ব্যালট বাক্স ছিনতাইয়ের সময় যে অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে- তা সম্পূর্ণ মিথ্যা।
তারা ‘কয়েকজন বন্ধু’ মৃধার গ্রামে বাড়ি গিয়েছিলেন জানিয়ে তিনি বলেন, “সেখানে প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেছি- তারা বলেছেন, মৃধাকে সামনে থেকে, হাত দূর থেকে গুলি করে হত্যা করা হয়েছে।”
এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ফাতেমা আক্তারসহ আরও অনেকেই।
