২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে পরিকল্পিতভাবে সাক্ষাৎ ঠেকিয়েছে সরকার’

সুন্দরবন রক্ষা জাতীয় কমিটিকে জাতিসংঘের ইউনেস্কো থেকে পাঠানো প্রতিনিধি দলের সঙ্গে সরকার ‘পরিকল্পিতভাবে’ সাক্ষাৎ করতে দেয়নি বলে অভিযোগ করেছেন অধ্যাপক আনু মুহাম্মদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2016, 07:21 PM

Updated : 20 Aug 2022, 12:21 PM

শনিবার ‘ইউনেস্কা বিশ্ব ঐতিহ্য কেন্দ্রের সাম্প্রতিক সুন্দরবন পরিদর্শন ও সংশ্লিষ্ট বিষয়াদি’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির এই আহ্বায়ক।

সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক আইনজীবী সুলতানা কামালের উপস্থিতিতে সম্মেলনে আনু মোহাম্মদ বলেন, “ইউনেস্কো প্রতিনিধি দলের আগ্রহ থাকা সত্ত্বে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির সঙ্গে বৈঠক করার সুযোগ না দেওয়া সরকারের অনৈতিক কাজ।”

এ সময় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান ও পরিবেশ বিশেষজ্ঞ অধ্যাপক বদরুল ইমাম তাদের সঙ্গে ছিলেন।

অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, “সুন্দরবন সংলগ্ন রামপাল ও ওরিয়ন বিদ্যুৎ কেন্দ্র সুন্দরবন বিনাশী হবে বলে আশঙ্কা করে ইউনেস্কা বেশ কিছু দিন ধরে সরকারের কাছে চিঠি দিয়ে আসছিল। শেষ পর্যন্ত ইউনেস্কোর একটি প্রতিনিধি দল সুন্দরবনসহ প্রকল্প এলাকা সফরে আসে।”

২২ থেকে ২৮ মার্চ পর্যন্ত আটদিনের সফরের সময়ে ওই প্রতিনিধি দলের বাংলাদেশের সামাজিক আন্দোলনকারীদের সঙ্গে চারটি বৈঠক করার কথা থাকলেও সরকার অতিরিক্ত কাজের আয়োজন রেখে একটি বৈঠকও হতে দেয়নি বলে অভিযোগ করেন এই শিক্ষক।

তিনি বলেন, “সরকার পরিকল্পনামাফিক ইউনেস্কো মিশনকে নিজেদের পকেটে রেখেছে।”

এসময় তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির এই আহ্বায়ক আরও বলেন, ‍“ক্ষমতাসীন আওয়ামী লীগের মধ্যে গণতান্ত্রিক পরিবেশ থাকলে সরকার দলটির বিরোধিতার মুখে পড়তো।”

সম্মেলনের লিখিত বক্তব্যে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক সুলতানা কামাল অভিযোগ করেন, প্রতিনিধি দলের সফরের শেষদিন সরকারি দায় সারার কৌশল হিসেবে নিজ উদ্যোগে বৈঠকের উদ্যোগ নেওয়ার কথা বলেন। তবে ‘একেবারে শেষ মুহূর্তে’ হওয়ায় তারা আর বৈঠক করতে পারেননি।

তিনি বলেন, “ইউনেস্কা মিশনের ঢাকা সফরের শেষ দিন অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি পরিবেশ ও বন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক হিসেবে আমার সাথে শেষ বিকেলে ফোনে কথা বলেন।

“নিজ উদ্যোগে মিশনের সাথে কথা বলার প্রচেষ্টা গ্রহণ করতে পারি বলে আমাকে জানান। কিন্তু সেটি ছিল একেবারে শেষ মুহূর্তে। কোনও বৈঠক ছাড়াই মিশন প্রধান সেদিন রাতেই ঢাকা ত্যাগ করেন।”

“ওই কর্মকর্তার ফোনটি ছিল আসলে সরকারের দায় সারার একটি কৌশল,” বলেন সুলতানা কামাল।

এসময় তিনি সরকার প্রণীত ‘অবৈজ্ঞানিক ও অপ্রমাণ্য’ রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যমান সব সরকারি সমীক্ষা প্রতিবেদন বাতিল করে প্রকল্পের সব কাজ বন্ধ করে ইউনেস্কোর তত্ত্বাবধানে ওই এলাকার উপর একটি আন্তর্জাতিক সমীক্ষা পরিচালনার দাবি জানান।

অধ্যাপক এমএম আকাশ বলেন, ‍“আমি মনে হয় সরকার মনে করছে, প্রকল্পটিতে এ পর্যন্ত অনেক টাকা পয়সা খরচ হয়ে গেছে। তাই এখান থেকে ফিরে আসলে অনেক ক্ষতি হবে।

“আমি মনে করি, এ পর্যন্ত যা ক্ষতি হয়েছে- সামনে এগুলো আরও ক্ষতি হবে। এখন আমরা ইউনেস্কোর প্রতিবেদনের অপেক্ষায় আছি।”

সুন্দরবনকে ‘সারা বিশ্বের সম্পদ’ অভিহিত করে সেখানে বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে ‘নিরপেক্ষ ও আন্তর্জাতিক সমীক্ষা’ দরকার বলে মন্তব্য করেন টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।