২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়া দাতব্য ট্রাস্ট মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য শেষ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্য আসামিদের বিরুদ্ধে জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2016, 06:16 PM

Updated : 20 Aug 2022, 12:20 PM

বৃহস্পতিবার ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার আগামী ৭ এপ্রিল বৃহস্পতিবার আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য দিন রেখেছেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন কাজল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সেদিন রাষ্ট্রপক্ষের ৩২ জন সাক্ষীর দেওয়া সাক্ষ্য আসামিদের পড়ে শোনানো হবে। এর বিরুদ্ধে আসামিরা কোনো বক্তব্য দেবেন কি না বা তাদের পক্ষে কোনো সাফাই সাক্ষী হাজির করবেন কি না- তা জিজ্ঞেস করা হবে।”

“তারা এসব সাক্ষীর সাক্ষ্য সঠিক বলে স্বীকার করলে রায়ের আগেই আইনে নির্ধারিত শাস্তি শুরু হয়ে যাবে। আর এসব সাক্ষীর বিরুদ্ধে তাদের বক্তব্য ও সাফাই সাক্ষ্য দিলে সেগুলো নিয়ে যুক্তিতর্ক বা আর্গুমেন্টের শুনানির জন্য দিন রাখা হবে। যুক্তিতর্কের পরদিন রাখা হবে রায়ের জন্য।”

২০১০ সালের ৮ অগাস্ট খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করেন দুদকের উপ-পরিচালক হারুনুর রশিদ।

রাজধানীর তেজগাঁও থানার এই মামলায় ক্ষমতার অপব্যবহার করে জিয়া দাতব্য ট্রাস্টের নামে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে।

পুরনো খবর:

‘অসুস্থ’ খালেদার পক্ষে তদন্ত কর্মকর্তাকে জেরা শুরু
জিয়া দাতব্য ট্রাস্ট মামলা বাতিলের আবেদন খালেদার