২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গিবাদের বিরুদ্ধে জয়ী হবে বাংলাদেশ: সারাহ সেওয়াল

বিশ্বব্যাপী সহিংস চরমপন্থার মধ্যেও গণতান্ত্রিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের কারণে বাংলাদেশ ধর্মীয় উগ্রপন্থার বিরুদ্ধে জয়ী হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি সারাহ সেওয়াল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2016, 01:25 AM

Updated : 11 Oct 2022, 08:01 PM

সফরের প্রথম দিন বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘চরমপন্থার বিরুদ্ধে আমাদের সমন্বিত যুদ্ধ’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তব্যে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশে মুক্তমনা লেখক-প্রকাশক ও ধর্মীয় ব্যক্তিত্বদের ওপর হামলা ও হত্যার প্রসঙ্গ টেনে যুক্তরাষ্ট্রের এই আন্ডার সেক্রেটারি বলেন, জঙ্গিরা শুধু বাংলাদেশের মানুষের ওপর হামলা করেনি বরং তারা ‌‘আপনাদের মুক্ত বিতর্ক, ধর্মীয় সহিষ্ণুতা ও পরিবর্তনের ঐতিহ্যের ওপর আঘাত করেছে।’

বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্রছাত্রীদের সামনে সন্ত্রাসবাদের বৈশ্বিক হুমকি ও তা মোকাবেলার উপায় নিয়ে কথা বলেন সারাহ সেওয়াল।

সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থাকে ‘কোনো নতুন হুমকি নয়’ মন্তব্য করে তিনি বলেন, “কিন্তু এই বৈশ্বিক যুগে যখন কিনা মানুষ ভ্রমণ, বাণিজ্য ও প্রযুক্তির মাধ্যমে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি একে অন্যের সঙ্গে যুক্ত, তখন এই সন্ত্রাস ভয়াবহ রূপে ধরে প্রকাশিত হয়েছে। ”

সহিংস চরমপন্থার ক্ষেত্রে ‘দুর্বল সুশাসন ও স্থানীয় অসন্তোষ’ বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে নতুন করে প্রভাব ফেলে বিশ্বজুড়ে ‘অস্থিরতা ও সহিংসতার বীজ রোপন’ করে মনে করেন যুক্তরাষ্ট্রের এই কর্মকর্তা।

উদাহরণ হিসেবে ইরাক ও সিরিয়ায় মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) দুর্বল হলেও তাদের অনুসারীরা আফগানিস্তান ও লিবিয়ার মতো নতুন নতুন স্থানে অর্থায়ন করে আবির্ভূত হচ্ছে।

ব্রাসেলস, প্যারিস ও ইস্তাম্বুলে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার ঘটনা তুলে ধরে হার্ভাড ক্যানেডি স্কুল অব গর্ভনমেন্টের এক সময়ের শিক্ষক সারাহ বলেন, তারা (সন্ত্রাসবাদীরা) মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বাইরে সহিংসতার জন্য সন্ত্রাসীদের উৎসাহ দেওয়া চালিয়ে যাচ্ছে।

‘উজ্জ্বল ও নিরাপদ’ ভবিষ্যৎ নির্মাণে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের সহযোগী হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কাজ চালিয়ে যাবে বলে জানান তিনি।

দুই দিনের সফরে মঙ্গলবার মধ্যরাতে ঢাকায় পৌঁছান সারাহ সেওয়াল, যিনি ২০১৪ সালে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টে যোগদান করেন।

আলোচনা সভায় অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিস সিদ্দিক এবং ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট ব্ক্তব্য রাখেন।

সফররত আন্ডার সেক্রেটারি বুধবার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের ‘উদ্বেগ’ বিষয়ে খোঁজ-খবর নেন।