২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বড় পুকুরিয়া কয়লা খনি মামলায় বিএনপির ৩ নেতাকে তলব

বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার ১২ আসামির মধ্যে বিএনপি নেতা ড. খন্দকার মোশারফ হোসেন, এম কে আনোয়ার ও এম শামসুল ইসলামকে আগামী ২৫ এপ্রিল বিচারিক আদালতে তলব করা হয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2016, 12:55 AM

Updated : 20 Aug 2022, 12:20 PM

মামলার অন্যতম আসামি খালেদা জিয়ার পক্ষে তার উপস্থিতি ও উচ্চ আদালতের আদেশ দাখিলের জন্য সময় আবেদন মঞ্জুর করা হয়েছে।

ঢাকার ২ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক হোসনে আরা বেগম বুধবার এই আদেশ দেন।

মামলার অপর আসামি যুদ্ধাপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মতিউর রহমান নিজামীকে ২৫ এপ্রিল কারাগার থেকে আদালতে হাজিরের নির্দেশও দেন বিচারক।

সেদিন খালেদাকে এ আদালতে উচ্চ আদালতের আদেশ দাখিল করতে হবে। সে সাপেক্ষে তার বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে বিচারক আদেশে উল্লেখ করেছেন।

মামলার ১৬ আসামির মধ্যে জামায়াত নেতা আলী আহসান মুজাহিদের যুদ্ধাপরাধ মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ায় তাকেও মামলার আসামি হিসেবে বিচার স্থগিত হয়েছে। বাদ পড়েছেন আরও দুই আসামি।

অপর আসামি এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, মোয়াজ্জেম হোসেন, নজরুল ইসলাম, মুইনুল আহসান ও এ কে এম মোশারফ হোসেনের পক্ষে উচ্চ আদালতের আদেশ আগামী তারিখে দাখিলের জন্য দিন রাখা হয়েছে।

বুধবার বিচারক আরেক আসামি মো. সিরাজুল ইসলাম চৌধুরীকে গ্রেপ্তারে নির্দেশ দেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান আদালতের পেশকার দেওয়ান আশিক।

গত ১৭ সেপ্টেম্বর বিচারপতি মো. নূরুজ্জামান এবং বিচারপতি আবদুর রহমানের হাই কোর্ট বেঞ্চ খালেদা জিয়ার করা মামলা স্থগিতের আবেদন খারিজ করে দেয়।

চীনা প্রতিষ্ঠান কনসোর্টিয়াম অব চায়না ন্যাশনাল মেশিনারিজ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের (সিএমসি) সঙ্গে বড় পুকুরিয়া কয়লা খনির উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ চুক্তি করার মধ্য দিয়ে রাষ্ট্রের প্রায় ১৫৮ কোটি ৭১ লাখ টাকার ক্ষতি করার অভিযোগ আনা হয় এ মামলায়।

চারদলীয় জোট সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ১০ মন্ত্রীসহ ১৬ জনের বিরুদ্ধে সেনা সমর্থিত তত্ত্বাবাধয়ক সরকার আমলে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি শাহবাগ থানায় মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  মামলার পর ৫ অক্টোবর ১৬ জনের বিরুদ্ধেই আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।

এতে বলা হয়, চীনা প্রতিষ্ঠান কনসোর্টিয়াম অব চায়না ন্যাশনাল মেশিনারিজ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশনের (সিএমসি) সঙ্গে বড় পুকুরিয়া কয়লা খনির উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ চুক্তি করার মধ্য দিয়ে আসামিরা রাষ্ট্রের প্রায় ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতি করেছেন।

২০০৮ সালের ১৬ অক্টোবরই খালেদার বিরুদ্ধে এ মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করে হাই কোর্ট। মামলাটি কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুলও দেওয়া হয়।

হাই কোর্টের ওই আদেশ আপিলেও বহাল থাকে। ফলে আটকে যায় খনি দুর্নীতি মামলা। দুদক সম্প্রতি মামলাটি সচল করার উদ্যোগ নিলে হাই কোর্টের দেওয়া রুলের চূড়ান্ত শুনানি শুরু হয় গত ৩ মার্চ।

২০১২ সালের ১৫ জানুয়ারি এ মামলায় স্থায়ী জামিন পান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।