মগবাজারের ফ্লাইওভার: ৩ বছর পর ফিরল স্বস্তি
তিন বছরের অপেক্ষার পর সাতরাস্তা থেকে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত সদ্য খুলে যাওয়া ফ্লাইওভার নিয়ে উচ্ছ্বসিত ওই পথের যাত্রী ও এলাকার বাসিন্দারা।
তবে কোথাও কোথায় ফুটপাত বিলীন হয়ে যাওয়ায় দুর্ভোগের আশঙ্কার কথাও শোনা গেছে।
বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলক উন্মোচন করে আনুষ্ঠানিক উদ্বোধনের পর গণপরিবহনের জন্য খুলে দেওয়া হয় ফ্লাইওভারের দ্বার। খুলে দেওয়ার পরপরই বিপুল উৎসাহে মোটরসাইকেল, প্রাইভেটকার, সিএনজি চালিত অটো রিকশা নিয়ে ফ্লাইওভার ঘুরে দেখে মানুষজন।
ফ্লাইওভারের হাতিরঝিল অংশে কথা হয় স্থানীয় সর্দার বাড়ির মেয়ে আসমা জেরিন ঝুমুর সঙ্গে। পরিবারের সাত নারী সদস্য নিয়ে ঢাকার নতুন এই স্থাপনা দেখতে এসেছেন তিনি।
“আমরা ইতিহাসের অংশ হতে এসেছি। প্রধানমন্ত্রী উদ্বোধনের পর পরই আমরা উঠে গেছি। এতো সুন্দর একটি স্থাপনা উপহার দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।”
ঝুমুর এই বক্তব্য দেওয়ার আগেই হাজার হাজার দর্শনার্থীর শোরগোলে ভরে যায় ফ্লাইওভারের বুক।
উদ্বোধনের দিন দুপুরেই মগবাজার রেলক্রসিং থেকে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত অংশ জুড়েই যানজট দেখা গেছে। রমনা থানার সামনের চৌরাস্তার কারণে এমন যানজটের সৃষ্টি।
অবশ্য সাতরাস্তা মোড় হয়ে নামার লুপটিতে কোনো ধরনের যানজট দেখা যায়নি।
মগবাজারের হার্ডওয়্যার ব্যবসায়ী বেলাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দীর্ঘ চার বছর ধরে নির্মাণ কাজের কারণে আমাদের ব্যবসার অনেক ক্ষতি হয়েছে। এই পথ দিয়ে চলাচল করা যাচ্ছিলনা। অনেক কাস্টমার চলে গেছে।
“এখন আশা করছি যানজট পরিস্থিতির কিছুটা উন্নতি হবে। ধুলোবালি আগের চেয়ে কেমেছে,” বলেন বেলাল।
হলি ফ্যামিলি হাসপাতালের উত্তর পাশে ব্যাংক এশিয়ার সমনে ভূমিতে ঠেকেছে ফ্লাইওভারের দক্ষিনের দ্বার। তবে পশ্চিম ফ্লাইওভারের কারণে ফুটপাত সরু হয়ে ৫/৭ ইঞ্চিতে ঠেকেছে। এনিয়ে উদ্বেগও জানিয়েছেন স্থানীয়রা।
হলি ফ্যামিলি হাসপাতালের কর্মী বেলাল হোসেন বলেন, “ফুটপাতের ব্যবস্থা না রাখলে তো প্রতিদিন এখানে অ্যাক্সিডেন্ট হবে। যানবাহন চলাচলের পাশাপাশি মানুষ হাঁটার ব্যবস্থা না রাখলে তো সমস্যার সমাধান হল না।”
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ২০১৩ সালের ১৬ ফেব্রুয়ারি নির্মাণকাজ শুরু করা এই ফ্লাইওভার দুই বছরের মধ্যে অর্থাৎ ২০১৫ সালের মধ্যে শেষ করার কথা ছিল।
তিন দফায় মেয়াদ বৃদ্ধির পর ২০১৬ সালের প্রথম প্রান্তিকে এসে কাজ শেষ হল। অবশ্য হাতিরঝিল অংশে সোনারগাঁও হোটেল পর্যন্ত আরেকটি লুপ নির্মাণ এখনও বাকি।
