২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অটিজম: জাতিসংঘের সেমিনারে মূল প্রবন্ধ পড়বেন সায়মা

বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে জাতিসংঘের একটি সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন অটিজম বিষয়ক বাংলাদেশের জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ হোসেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2016, 03:45 PM

Updated : 12 Apr 2022, 01:44 AM

যুক্তরাষ্ট্রের সময় শুক্রবার বিকাল ৩টায় জাতিসংঘ সদরদপ্তরে ‘অটিজম মোকাবেলা: এসডিজির আলোকে বিশ্ব সম্প্রদায়ের কৌশল’ শিরোনামে এই সেমিনারের আয়োজন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সেমিনারে সায়মা ওয়াজেদ হোসেন মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। এছাড়া ওই দিন সকাল ১১টায় বৈষম্য দূরীকরণ নিয়ে আরও একটি আলোচনা সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করবেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা মানসিক স্বাস্থ্য নিয়ে যুক্তরাষ্ট্রে লেখাপড়ার পর সেখানেই কর্মরত আছেন। মানসিক স্বাস্থ্য নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ পরামর্শক প্যানেলের সদস্য তিনি।

খোকন জানান, অটিজম বিষয়ক ওই সেমিনারে জাতিসংঘের মহাসচিব বান কি মুন, কম্যুনিকেশন ও পাবলিক ইনফরমেশন বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল, সাধারণ পরিষদের প্রেসিডেন্ট, সদস্য দেশগুলোর প্রতিনিধি ও বিভিন্ন সংস্থার নির্বাহীরা উপস্থিত থাকবেন।

বান কি-মুনের স্ত্রী ইউ (বেন) সুন-তায়েকও অনুষ্ঠানে অংশ নেবেন। বাংলাদেশ, ভারত, কাতার, দক্ষিণ কোরিয়া ও অটিজম স্পিকস সম্মিলিত এই অনুষ্ঠানের আয়োজন করেছে। সকাল ও বিকালের দুই অনুষ্ঠানই জাতিসংঘের ওয়েব টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে।

আগামী ২ এপ্রিল অটিজম দিবস উপলক্ষে বাংলাদেশেও নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।