তনুর বিচারে টালবাহানায় পরিণাম ভালো হবে না: সেলিম
কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের বিচার নিয়ে ‘টালবাহানা’ করলে পরিণাম ‘ভালো হবে না’ বলে সরকারকে সতর্ক করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতীকী অনশনে তিনি বলেন, “তনু হত্যার বিচারে কোনো রকম টালবাহানা করলে ক্ষমতাসীনদের কবর রচনা করা হবে।”
তনু ‘ধর্ষণ’ ও হত্যায় জড়িতদের গ্রেপ্তার দাবি করে সিপিবি নারী সেল এ অনশন করে।
গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাসের ভেতর থেকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী তনুর লাশ উদ্ধার করা হয়। ধর্ষণের পর তাকে হত্যা করা হয় বলে পুলিশের ধারণা।
নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যাকাণ্ডের জন্য ‘লুটপাটের ব্যবসায়িক অর্থনীতিকে’ দায়ী করে তিনি বলেন, “পুঁজিবাদী অর্থনীতিই সবকিছুকে পণ্যে পরিণত করেছে। লুটেরারা নারীর সম্ভ্রম ও মর্যাদাকে পণ্যে পরিণত করেছে। তাদের কাছে নারী কেবল শোষণ ও ভোগের বস্তু।”
‘নারী মুক্তি’ অর্জন করতে হলে ‘লুটপাটের অর্থনীতি’ ভেঙে সমাজতন্ত্রের পথে এগোতে হবে বলে মন্তব্য করেন তিনি।
প্রতীকী অনশনে অন্যদের মধ্যে সিপিবির প্রেসিডিয়াম সদস্য লক্ষ্মী চক্রবর্তী, নারী নেত্রী লুনা নূর, শ্রমিক নেতা জলি তালুকদার, সেলিনা হাই ও হামিদা খাতুন উপস্থিত ছিলেন।
