কৃষ্ণকলির গৃহকর্মীর ময়নাতদন্ত প্রতিবেদন ৬ দিনেও পায়নি পুলিশ
কণ্ঠশিল্পী কৃষ্ণকলি ইসলামের গৃহকর্মী জান্নাতুল আক্তার শিল্পীর লাশের ময়নাতদন্ত প্রতিবেদন এখনও না পাওয়ায় আটকে আছে তদন্ত।
রাজধানীর তালতলায় কৃষ্ণকলির বাড়িতে ১৭ বছরের এই গৃহকর্মীর ঝুলন্ত লাশ পাওয়ার পর কণ্ঠশিল্পীর স্বামী খালেকুর রহমান অর্ককে পুলিশ গ্রেপ্তার করে।
দুই দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের পর খালেকুরের কাছ থেকে ‘বলার মতো’ কোনো তথ্য পাওয়া যায়নি বলে পুলিশ জানায়।
তবে তাকে আদালতে পাঠানোর সময় পুলিশের পক্ষ থেকে আবেদন হয়, ময়নাতদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত যেন তাকে কারাগারে রাখা হয়।
খালেকুরের জামিনের আবেদন নাকচ করে গত রোববার তাকে কারাগারে পাঠিয়ে দেয় ঢাকার হাকিম আদালত।
মঙ্গলবার যোগাযোগ করা হলে শেরে বাংলা নগর থানার ওসি গণেশ গোপাল বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ময়না তদন্ত প্রতিবেদন ছাড়া এ মুহূর্তে পুলিশের আর করার কিছু নাই।”
ময়নাতদন্ত প্রতিবেদন পেতে কেন এতদিন লাগছে, সে বিষয়ে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ওসি বলেন, “ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের কাছ থেকে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
গত ২৩ মার্চ কৃষ্ণকলির আগারগাঁও তালতলার বাসায় সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় শিল্পীকে পাওয়ার পর খালেকুর বলেন, ওই গৃহকর্মী আত্মহত্যা করেছেন।
ওই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়। খালেকুরকে গ্রেপ্তার দেখানো হয় ৫৪ ধারায়।
এদিকে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক নামের একটি সংগঠন শিল্পীর মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত এবং সারাদেশে গৃহশ্রমিক নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে।
