২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষ্ণকলির স্বামী রিমান্ড শেষে কারাগারে

গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় পুলিশি জিজ্ঞাসাবাদের পর কণ্ঠশিল্পী কৃষ্ণকলির স্বামী খালেকুর রহমান অর্ককে কারাগারে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2016, 06:17 PM

Updated : 20 Aug 2022, 12:17 PM

দুদিন রিমান্ডের পর রোববার পুলিশ ঢাকার হাকিম আদালতে খালেকুরকে হাজির করলে তার পক্ষে জামিন চাওয়া হয়।

হাকিম প্রণব কুমার হুই সেই আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে পুলিশের প্রসিকিউশন বিভাগের সহকারী কমিশনার মিরাস উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

কৃষ্ণকলি ইসলামের গৃহকর্মী জান্নাতুল আক্তার শিল্পী (১৭) মারা যাওয়ার পর অপমৃত্যুর মামলায় খালেকুরকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছিল পুলিশ। 

মিরাস বলেন, “মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুশীল চন্দ্র বর্মন ময়নাতদন্ত প্রতিবেদন আদালতে জমা না দেওয়া পর্যন্ত খালেকুরের জামিন না দেওয়ার সুপারিশ করেন।”

গত ২৩ মার্চ কৃষ্ণকলির বাসায় সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় শিল্পীকে পাওয়া যায়। সেদিনই গ্রেপ্তার করা হয় খালেকুরকে।

খালেকুরের দাবি, এই গৃহকর্মী আত্মহত্যা করেন।

দেড় মাস আগে শিল্পী ওই বাসায় কাজ নিয়েছিলেন। তার বাড়ি নেত্রকোনায়।