সাম্প্রদায়িকতা বর্জনে প্রয়োজন চলচ্চিত্রের পুনরুজ্জীবন: ইনু
বাংলাদেশে সাম্প্রদায়িকতা বর্জনের জন্য চলচ্চিত্রের পুনরুজ্জীবন দরকার বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
মঙ্গলবার দুপুরে রাজধানীর বিজয়নগরে এক আলোচনা সভায় তিনি বলেন, “দেশের সিনেমা হলগুলোতে এক সময় অশ্লীল দৃশ্য থাকত। পরিবার-পরিজন নিয়ে সিনেমা দেখতে যাওয়ার মতো অবস্থা ছিল না।
“তার পর সাম্প্রদায়িক হামলা। সব মিলিয়ে দেশে অনেক সিনেমা হল বন্ধ হতে শুরু করল। দেশের সংস্কৃতি অব্যাহত রাখতে এবং সাম্প্রদায়িকতা বর্জনের জন্য চলচ্চিত্রের পুনরুজ্জীবন দরকার।”
আধুনিক যন্ত্রপাতি দিয়ে চলচ্চিত্র নির্মাণ করাসহ ডিজিটাল যন্ত্রপাতির ব্যবহারে সব সিনেমা হলকে ডিজিটাল করার ওপর গুরুত্ব দিয়ে এ জন্য সরকারের পক্ষ থেকে সহযোগিতা করার জন্য পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তথ্যমন্ত্রী।
“চলচ্চিত্র নির্মাণের জন্য যন্ত্রপাতি ক্রয় ও সিনেমা হল সংস্কারের জন্য কিস্তির সুবিধার ব্যবস্থা করার ব্যাপারে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে। সাথে সাথে পাইরেসি বন্ধের জন্যও সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে।”
রাজধানীর বিজয়নগরের হোটেল ৭১-এ বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির বার্ষিক সাধারণ সভায় ‘সিনেমা হল বাঁচলেই চলচ্চিত্র শিল্প বাঁচবে’ শিরোনামে এই আলোচনা সভা হয়।
সভায় শ্যামলী সিনেপ্লেক্সের মালিক মো. হাফিজ বলেন, “ভালো সিনেমার অভাবে সারা দেশের প্রায় চৌদ্দশ সিনেমা হলের মধ্যে মাত্র ১৫০টি সচল আছে, বাকিগুলো বন্ধ হয়ে গেছে।
“এখন এই সিনেমা হলগুলোকে বাঁচিয়ে রাখতে হলে দেশীয় সিনেমার পাশাপাশি ভারতীয় সিনেমা প্রদর্শন করার অনুমতি দিতে হবে।”
দেশে বর্তমানে চাহিদার তুলনায় খুব কম পরিমাণে সিনেমা নির্মাণ এবং ভালো মানের চলচ্চিত্র না থাকার কারণে সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে মন্তব্য করে আলোচনা সভার সভাপতি সাইফুল ইসলাম চৌধুরীও হল বাঁচাতে ভারতীয় চলচ্চিত্র প্রদর্শনের অনুমতি দেওয়ার আহ্বান জানান।
