মামলা জট কমানোর উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান রাষ্ট্রপতির
মামলা জট কমাতে সুপ্রিম কোর্টের উদ্যোগ অব্যাহত রাখতে বলেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
মঙ্গলবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
প্রতিনিধি দল এসময় সুপ্রিম কোর্টের ২০১৫ সালের বার্ষিক প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করে।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাক্ষাতে প্রধান বিচারপতি প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপ্রধানকে অবহিত করেন। সুপ্রিম কোর্টের উদ্যোগের ফলে মামলা নিষ্পত্তির হার বেড়েছে এবং মামলা জট কমছে বলে জানানো হয়।”
প্রধান বিচারপতি জুডিশিয়াল ট্রেনিং একাডেমি স্থাপনের বিষয়ে রাষ্ট্রপতিকে জানিয়ে এ বিষয়ে সহযোগিতা কামনা করেন বলে প্রেস সচিব জানান।
বিচার বিভাগের অবকাঠামো উন্নয়নের বিষয়ে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করে তার সহযোগিতাও চান প্রধান বিচারপতি।
প্রেস সচিব বলেন, “রাষ্ট্রপতি আবদুল হামিদ প্রধান বিচারপতিকে ট্রেনিং একাডেমি এবং অবকাঠামো উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।”
রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
