২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রায় পুনর্বিবেচনার আর্জি যুদ্ধাপরাধী নিজামীর

একাত্তরের যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের দেওয়া রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেছেন জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2016, 11:44 AM

Updated : 11 Oct 2022, 08:01 PM

পুরনো খবর:

নিজামীর অপরাধে প্রাণদণ্ডই একমাত্র সাজা: আপিল রায় 
মৃত্যু পরোয়ানা শুনলেন ‘চিন্তিত’ নিজামী
যুদ্ধাপরাধী জামায়াত আমির নিজামীর ফাঁসি বহাল
বুদ্ধিজীবী হত্যায় প্রাণদণ্ড নিজামীর

তার ছেলে ব্যারিস্টার নাজীব মোমেন মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা আজ ৭০ পৃষ্ঠার রিভিউ আবেদন সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় জমা দিয়েছি।”

এই আবেদনে মোট ৪৬টি যুক্তি তুলে ধরে সব দণ্ড থেকে নিজামীর খালাস চাওয়া হয়েছে বলে জানান তিনি।

অন্যদিকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা জানান, এই রিভিউ আবেদনের ওপর দ্রুত শুনানির জন্য রাষ্ট্রপক্ষ পদক্ষেপ নেবে।

সর্বোচ্চ আদালতের চূড়ান্ত রায় প্রকাশের মধ্য দিয়ে এ মামলার বিচারিক কার্যক্রম শেষ হয়েছে আগেই। সাংবিধানিক অধিকার হিসেবে আদালতের কাছে আসামির আর্জি জানানোর শেষ সুযোগ হলো এই রিভিউ।    

একাত্তরের বদর প্রধান নিজামীর রিভিউ না টিকলে রাষ্ট্রপতির কাছে তিনি প্রাণভিক্ষা চাইতে পারবেন। দুই আর্জিই নাকচ হলে সরকারের সিদ্ধান্ত অনুসারে কারা কর্তৃপক্ষ দণ্ড কার্যকরের ব্যবস্থা নেবে।

রিভিউ আবেদন করার পর নিজামীর প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, “আমরা বলব, আপিল বিভাগ সাক্ষ্য পর্যালোচনার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সঠিকভাবে মূল্যায়ন করেনি। সব কিছু বিবেচনা করে দুটি ব্যাপারে আমরা আশাবাদী, যে সাক্ষ্যপ্রমাণ আছে তা, পুনর্বিবেচনা হলে নিজামী খালাস পাবেন। আর যেহেতু তার সরাসরি অংশগ্রহণ নাই, সেক্ষেত্রে তাকে মৃত্যুদণ্ড দেওয়া ন্যায়বিচারের পরিপন্থি হবে বলে আমরা মনে করি।”

অন্যদিকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা বলেন, “আমরা মনে করি যে রায় আদালত দিয়েছে তা বহাল থাকবে। আশা করি, তিনটি চার্জে আদালত মৃত্যুদণ্ড দিয়েছে, অপর চার্জে যেসব শাস্তি দিয়েছে- তা বহাল থাকবে।”

রাষ্ট্রপক্ষের এই কৌঁসুলি বলেন, রিভিউয়ে এসে সাক্ষ্য-সাবুদ নিয়ে নতুন করে কিছু বলার সুযোগ নেই। রায়ে কোনো ভুল হয়েছে কি না- সেটাই এখানে দেখা যায়।

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় পাবনায় হত্যা, ধর্ষণ এবং বুদ্ধিজীবী গণহত্যার দায়ে ২০১৪ সালের ২৯ অক্টোবর নিজামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।  চলতি বছর ৬ জানুয়ারি আপিল আংশিক মঞ্জুর করে সেই ফাঁসির রায়ই বহাল রাখে সর্বোচ্চ আদালত।

জামায়াত আমির নিজামী একাত্তরে ছিলেন দলটির ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসংঘের নাজিমে আলা বা সভাপতি এবং সেই সূত্রে পাকিস্তানি বাহিনীকে সহযোগিতার জন্য গঠিত আল বদর বাহিনীর প্রধান।

স্বাধীনতাকামী বাঙালির ওপর দমন-পীড়ন চালাতে পাকিস্তানি বাহিনীকে সহযোগিতার জন্য গঠিত রাজাকার বাহিনী ও শান্তি কমিটিতেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে এ মামলার বিচারে উঠে আসে।

সুপ্রিম কোর্ট গত ১৫ মার্চ নিজামীর আপিলের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের পর ওইদিনই আসামির মৃত্যু পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিচারিক আদালত থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগার ঘুরে লাল শালুতে মোড়ানো সেই মৃত্যু পরোয়ানা পরদিন সকালে কাশিমপুরে পৌঁছালে নিজামীকে তা পড়ে শোনায় কারা কর্তৃপক্ষ।

এরপর নিজামীর আইনজীবী ও পরিবারের সদস্যরা দুই দফা কাশিমপুর কারাগারে গিয়ে নিজামীর সঙ্গে দেখা করেন।

ওই সাক্ষাতে নিজামীই রিভিউ চাওয়ার নির্দেশনা দেন বলে তার আইনজীবীরা সাংবাদিকদের জানিয়েছিলেন। 

নিয়ম অনুযায়ী রায় প্রকাশের পর ১৫ দিনের মধ্যে রিভিউ আবেদন করার সুযোগ দেওয়া হয় আসামিকে। সে হিসাবে ৩১ মার্চ পর্যন্ত সময় থাকলেও তার দুদিন আগেই এ আবেদন জমা দেওয়ার কথা জানালেন নিজামীর ছেলে। 

বিগত চার দলীয় জোট সরকারের মন্ত্রী নিজামী চট্টগ্রামের চাঞ্চল্যকর দশ ট্রাক অস্ত্র মামলারও মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামি।

Image
মতিউর রহমান নিজামী

মতিউর রহমান নিজামী

চূড়ান্ত রায়

ট্রাইব্যুনালের রায়ে প্রসিকিউশনের আনা ১৬ অভিযোগের মধ্যে আটটিতে নিজামীকে দোষী সাব্যস্ত করা হয়।

এর মধ্যে ২, ৪, ৬ ও ১৬ নম্বর ঘটনায় নিজামীর ফাঁসির রায় আসে। আর অপরাধে সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ায় ১, ৩, ৭ ও ৮ নম্বর অভিযোগে জামায়াত আমিরকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড।

আপিলের রায়ে ২, ৬ ও ১৬ নম্বর অভিযোগে প্রায় পাঁচশ মানুষকে হত্যা ও ৩০-৪০ জন নারীকে ধর্ষণ এবং পরিকল্পিতভাবে বুদ্ধিজীবী গণহত্যার দায়ে নিজামীর ফাঁসির রায় বহাল রাখে সর্বোচ্চ আদালত। আর যাবজ্জীবন কারাদণ্ডের সাজা বহাল রাখা হয় ৭ ও ৮ নম্বর অভিযোগে।

১, ৩  ও ৪ নম্বর অভিযোগ থেকে নিজামীকে খালাস দেয় আপিল বিভাগ।

যে তিন অভিযোগে মৃত্যুদণ্ড

অভিযোগ-২: একাত্তরের ১০ মে বেলা ১১টার দিকে পাবনার সাঁথিয়া উপজেলার বাউশগাড়ি গ্রামের রূপসী প্রাথমিক বিদ্যালয়ে একটি সভা হয়। স্থানীয় শান্তি কমিটির সদস্য ও রাজাকারদের উপস্থিতিতে  ওই সভায় নিজামী বলেন, শিগগিরই পাকিস্তানি সেনারা শান্তি রক্ষার জন্য আসবে। ওই সভার পরিকল্পনা অনুসারে পরে ১৪ মে ভোর সাড়ে ৬টার দিকে বাউশগাড়ি, ডেমরা ও রূপসী গ্রামের প্রায় সাড়ে ৪০০ মানুষকে পাকিস্তানি সেনারা হত্যা করে। প্রায় ৩০-৪০ জন নারীকে সেদিন ধর্ষণ করে পাকিস্তানি সেনা ও রাজাকার বাহিনীর সদস্যরা।

অভিযোগ-৬: নিজামীর নির্দেশে ১৯৭১ সালের ২৭ নভেম্বর পাবনার ধুলাউড়ি গ্রামে মুক্তিযোদ্ধাদের খুঁজতে যায় পাকিস্তানি সেনা ও তাদের দোসর রাজাকার বাহিনীর সদস্যরা। তারা গ্রামের ডা. আব্দুল আউয়াল ও তার আশেপাশের বাড়িতে হামলা চালিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ৫২ জনকে হত্যা করে।

অভিযোগ-১৬: মুক্তিযুদ্ধে বাঙালির  বিজয়ের ঊষালগ্নে অসংখ্য বুদ্ধিজীবীকে হত্যা করে আলবদর বাহিনী। দেশের বুদ্ধিজীবী শ্রেণীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার জন্য পরিকল্পিতভাবে আলবদর সদস্যরা ওই গণহত্যা ঘটায়। জামায়াতের তৎকালীন ছাত্রসংগঠন ইসলামী ছাত্রসংঘ ও আলবদর বাহিনীর প্রধান হিসেবে ওই গণহত্যার দায় নিজামীর ওপর পড়ে।

নিজামী হলেন বাংলাদেশের মন্ত্রিসভায় দায়িত্ব পালন করা তৃতীয় ব্যক্তি, একাত্তরের যুদ্ধাপরাধের দায়ে যার সামনে অপেক্ষা করছে ফাঁসির দড়ি। আর বুদ্ধিজীবী হত্যার দায়ে এটি সর্বোচ্চ আদালতের দ্বিতীয় রায়।

নিজামীর আপিল রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি

ট্রাইব্যুনালে নিজামীর রায়ের পূর্ণ বিবরণ